চট্টগ্রামে প্রথমার বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১৫ হাজার বইয়ের সম্ভার নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে প্রথমা প্রকাশনের মাসব্যাপী বইমেলা। গতকাল মঙ্গলবার নগরের জামালখান চেরাগী পাহাড় মোড়ের সানমার স্প্রিং গার্ডেনে প্রথমার চট্টগ্রাম বিক্রয় কেন্দ্রে এই মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন বই অনুরাগী লেখক-পাঠকেরা। তাঁদের মধ্যে ছিলেন কথা সাহিত্যিক হরিশংকর জলদাশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভূঁইয়া ইকবাল, গোলাম মুস্তফা, মাহবুবুল হক, শিক্ষাবিদ আনোয়ারা আলম, কথাসাহিত্যিক মহি মুহাম্মদ, কবি রাশেদ রউফ, কামরুল হাসান বাদল, আকতার হোসাইন, বাদল সৈয়দ ও রোমেনা আফরোজ।
অনুষ্ঠানে লেখক-পাঠক সমাবেশে কথা সাহিত্যিক হরিশংকর জলদাশ বলেন, ‘না বৃষ্টি না শীতের মাঝামাঝি চমৎকার এই সময়ে মেলা শুরু হলো। আশা করছি বইয়ের টানে সবাই এ মেলায় আসবেন। আর আমরা যাঁরা সীমিত আয় করি, আবার বইয়ের প্রতিও লোভ আছে, তাঁদের জন্য বই কেনার এটি চমৎকার সুযোগ। কারণ, মেলায় সব ধরনের বইয়ে ছাড় পাওয়া যাবে।’
অধ্যাপক ভূঁইয়া ইকবাল বলেন, বইমেলা সব সময়ই আনন্দের ও উৎসাহব্যঞ্জক। বইয়ের দোকানেই এ মেলা হওয়ায় সব ধরনের বই পাওয়া যাবে।
শিক্ষাবিদ আনোয়ারা আলম বলেন, প্রথমা প্রায়ই এ ধরনের মেলার আয়োজন করে, যেটি সত্যিই প্রশংসনীয়। বইমেলা যত বেশি হবে, তরুণ প্রজন্ম তত সৃষ্টিশীল জগতের দিকে এগিয়ে যাবে। কারণ বই-ই মানুষের সবচেয়ে বড় বন্ধু।
অধ্যাপক মাহবুবুল হক বলেন, বইমেলা এলেই পড়ার বিষয়বৈচিত্র্য জানার সুযোগ ঘটে। যাঁরা সব সময় একই ধরনের বই পড়ে অভ্যস্ত, তাঁরাও দেখা যায় বইমেলায় এলে অন্য ধরনের বই পড়ার প্রতি উৎসাহিত হন।
মেলায় প্রথমা প্রকাশনের বই ছাড়াও দেশি-বিদেশি বইয়ের বিপুল সমারোহ রয়েছে। প্রথমা প্রকাশনের বইয়ের ওপর ৩০-৭০ শতাংশ ও দেশীয় অন্যান্য প্রকাশনের বইয়ের ওপর ২৫-৩৫ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। ভারতীয় নতুন বই বিক্রির ক্ষেত্রে প্রতি রুপি ১ টাকা ৮০ পয়সা হারে পাওয়া যাচ্ছে। আর ভারতীয় পুরোনো বই বিক্রির ক্ষেত্রে প্রতি রুপি ধরা হচ্ছে ৯০ পয়সা থেকে দেড় টাকা।
২৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলা চলবে।