চট্টগ্রামে প্রথমার বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে গতকাল প্রথমার বইমেলায় বিশিষ্টজনেরা l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে গতকাল প্রথমার বইমেলায় বিশিষ্টজনেরা l ছবি: প্রথম আলো

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি। টেবিলের ওপর থরে থরে সাজানো বই। বিশিষ্টজনেরা বইয়ের পৃষ্ঠা ওল্টাচ্ছেন। অতিথিদের পাশাপাশি পাঠকেরাও টেবিল থেকে বই নিয়ে পড়ছেন। কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই প্রথমা প্রকাশনের ১০ দিনব্যাপী বইমেলার শুরুটা ছিল এমনই।
গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় এ মেলা শুরু হয়। মেলায় প্রথমা প্রকাশনের তিন শতাধিক বই ছাড়াও দেশি-বিদেশি অন্যান্য প্রকাশনীর বই স্থান পেয়েছে। ২৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
মেলায় এসেছিলেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দর খান। তিনি বলেন, মেলার মাধ্যমে সাধারণ পাঠকদের কাছে যেতে পারেন প্রকাশকেরা। বইমেলার সংখ্যা যত বেশি হবে, পাঠকদের বিভিন্ন বই সম্পর্কে জানার সুযোগ তত বাড়বে। এ কাজটি প্রথমা প্রকাশন বড় পরিসরে করেছে।
শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া বলেন, মেলার মাধ্যমে পাঠক সৃষ্টি হয়। প্রথমার এ উদ্যোগ প্রশংসার।
আনুষ্ঠানিকতা না থাকলেও মেলায় আসা বিশিষ্টজনদের স্বাগত জানান প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। শিল্প সমালোচক আবুল মনসুর, শিল্পী নাজলী লায়লা মনসুর, ফয়েজুল আজিম, শিক্ষাবিদ আনোয়ারা আলম, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ জেসমিন আকতার, মুহসীন কলেজের অধ্যক্ষ অঞ্জন নন্দী, এনায়েত বাজার মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ তহুরন সবুর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তপন জ্যোতি বড়ুয়া ও হোসাইন কবির, শিক্ষিকা এলিজাবেথ আরিফা মোবাশশিরা ও শারমীন মুস্তারী, সায়েদা জয়নাব, ফেরদৌস আরা বেগম, শিক্ষক মুজিব রাহমান, মশিউজ্জামান, বিকিরণ বড়ুয়া, আহমেদ মওলা, ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী, আমিনা রহমান, মণি দীপা দাশ, কবি ও লেখকদের মধ্যে ফরিদ কবির, ওমর কায়সার, রাশেদ রউফ, বাদল সৈয়দ, আকতার হোসাইন, জিন্নাহ চৌধুরী, নাট্যকর্মী ও সংস্কৃতিকর্মীদের মধ্যে শান্তনু বিশ্বাস, শুভ্রা বিশ্বাস, অসীম দাশসহ অসংখ্য পাঠক গতকাল মেলায় এসেছেন।
আয়োজকেরা জানান, ঢাকার চেয়ে এবারের চট্টগ্রামের মেলায় দ্বিগুণের বেশি ছাড় দেওয়া হচ্ছে। ঢাকায় একুশের বইমেলায় প্রথমার সব ধরনের বইয়ের ওপর ২০ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল। চট্টগ্রামে প্রথমা প্রকাশনীর বইয়ে সর্বনিম্ন ৩০ থেকে সর্বোচ্চ ৭০ শতাংশ মূল্যছাড় দেওয়া হচ্ছে। অন্যান্য প্রকাশনীর বইয়ে সর্বনিম্ন ২৫ থেকে সর্বোচ্চ ৮০ শতাংশ মূল্যছাড় দেওয়া হচ্ছে।
আয়োজকেরা জানান, মেলায় সৃজনশীল গণিত ও সৃজনশীল প্রশ্নপদ্ধতি নামের দুটি বই এসেছে।