চট্টগ্রামে প্রবর্তকের পাহাড়ে আবার নির্মাণকাজ শুরু
পরিবেশ অধিদপ্তরের অভিযানের পর এক সপ্তাহ পার হতে না হতেই চট্টগ্রাম নগরে প্রবর্তক সংঘের পাহাড়ে আবার নির্মাণকাজ শুরু করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে অন্তত ২০-২৫ জন শ্রমিক পাহাড়ের চারপাশে নতুন করে লোহা ও টিনের সীমানা দেয়াল দেওয়ার কাজ শুরু করেন। এ সময় তাঁরা কয়েকটি গাছও কেটে ফেলেন। পরিবেশ অধিদপ্তরের নোটিশের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ নিয়ে নির্মাণ-প্রতিষ্ঠান কাজ শুরু করেছে বলে জানা গেছে।পাহাড় কাটার অভিযোগে গত ২৪ জানুয়ারি পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী নির্মাণ-প্রতিষ্ঠান আরএফ প্রপার্টিজের লোহা ও টিনের দেওয়া সীমানাপ্রাচীর উচ্ছেদ করেন। পরিবেশ বিপর্যয়ের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ছয় লাখ ৯৪ হাজার টাকা জরিমানাও করা হয়।গতকাল বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগের পাহাড় কেটে সমতল করা জায়গায় বাঁশ ও টিন দিয়ে একটি ঘর তৈরি করা হচ্ছে। আরএফ প্রপার্টিজের কাজের তদারককারী আবু হেনা চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা মঙ্গলবারের (আজ) মধ্যেই পুরো এলাকার চারপাশে সীমানাপ্রাচীর দেব। এরপর ভবন নির্মাণের কাজ শুরু হবে।’আরএফ প্রপার্টিজ দুই দিন আগে স্থানীয় কয়েকটি সংবাদপত্রে একটি বিজ্ঞপ্তি প্রচার করে। এতে বলা হয়, হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মিফতাহ উদ্দীন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ ২৬ জানুয়ারি পরিবেশ অধিদপ্তরের দেওয়া নোটিশের কার্যকারিতা স্থগিত করেছেন। সে সঙ্গে প্রবর্তক সংঘের সঙ্গে আরএফ প্রপার্টিজের প্রকল্প কাজে বাধা না দিতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেন আদালত। পাশাপাশি গত ২৪ জানুয়ারি পরিবেশ অধিদপ্তর থেকে দেওয়া নোটিশ কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও আইনত অকার্যকর ঘোষণা করা হবে না, তা জানাতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) ও চট্টগ্রাম বিভাগের পরিচালককে নির্দেশ দেওয়া হয়।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা হাইকোর্টের নোটিশ পেয়েছি। আইনিভাবে তা মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছি। এরই মধ্যে নতুন করে গাছ কাটার বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) অথরাইজেশন কর্মকর্তা মনজুর হাসান বলেন, ‘আমরা আরএফ প্রপার্টিজকে কাজ বন্ধ রাখতে বলেছি। পুরোনো নকশা পরিবর্তন করে নতুন করে নকশা দিতে বলেছি। তা ছাড়া পাহাড়ের অবস্থান অক্ষুণ্ন রেখে ভবন নির্মাণ করতে গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত শুনানি সভায় বলা হয়। ভবন নির্মাণ শুরুর আগে পরিবেশ ছাড়পত্র, পুলিশ, ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম সিটি করপোরেশনের অনুমতি নিতে বলা হয়েছে।’আরএফ প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও নির্মাণকাজ শুরু করতে চউকের কিছু বাধা আছে। আমরা তাই চউকের ওপরও হাইকোর্টের স্থায়ী নিষেধাজ্ঞা আনার সিদ্ধান্ত নিয়েছি।’