চট্টগ্রামে প্রবাসীর বাসায় ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার গোলাম আলী নাজিরপাড়া এলাকায় এক প্রবাসীর বাসায় গতকাল বুধবার ডাকাতি হয়েছে। ডাকাতেরা স্বর্ণালংকার, টাকাসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে প্রবাসীর পরিবার দাবি করেছে। নাজিরপাড়ার চুনার টাল এলাকায় প্রবাসী মো. একরামুল আমিনের বাসায় ওই ডাকাতি হয়। চারতলা ভবনের নিচতলায় পরিবারটি থাকে। সূত্র জানায়, গতকাল দুপুরে ডাকাতেরা দরজা খোলা পেয়ে বাসায় ঢুকে পড়ে। এ সময় আমিনের স্ত্রী ও দুই সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতেরা ১২ ভরি স্বর্ণালংকার, চার হাজার ডলার, ৭০ হাজার টাকাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ডাকাতেরা একরামুল আমিনের স্ত্রী ও দুই সন্তানের হাত বেঁধে ও মুখে টেপ মুড়িয়ে শৌচাগারে বেঁধে রেখে যায়। প্রবাসীর স্ত্রী রোকসানা আক্তার বলেন, ‘ডাকাতেরা আমার স্বামীর বিদেশে চাকরিসংক্রান্ত কাগজপত্রও নিয়ে গেছে।’