চট্টগ্রামে প্রমার স্বাধীনতা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘অতীতের গ্লানি মুছে দাঁড়াও এবার অভিন্ন উৎসবে’ স্লোগান নিয়ে গতকাল শুক্রবার চট্টগ্রামের আবৃত্তি সংগঠন প্রমা আয়োজন করেছে স্বাধীনতা উৎসব। বিকেলে ডিসি হিল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় এর প্রথম পর্ব। শোভাযাত্রা শেষে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন মুক্তিযোদ্ধা মাহ্ফুজুর রহমান। এরপর বাবুল জলদাসের ঢোল বাদনের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। ঢোল বাদন শেষে প্রমার সদস্যরা পরিবেশন করেন বৃন্দ প্রযোজনা জননী বাংলা। প্রমার প্রযোজনা শেষে ঘুঙুর নৃত্যকলা কেন্দ্রের শিশুরা ‘শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের...’ এই গানের তালে তালে পরিবেশন করে দলীয় নৃত্য। প্রমার সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম. হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কবি ও সাংবাদিক অরুন দাশগুপ্ত, আবৃত্তিকার রনজিত রক্ষিত ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হুসাইন কবির। অনুষ্ঠানে অরুন দাশগুপ্ত এবং রনজিত রক্ষিতকে ক্রেস্ট দিয়ে গুণীজন সম্মাননা দেওয়া হয়। আলোচনা অনুষ্ঠান শেষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। যন্ত্রসংগীত সংগঠন আসওয়াদের বাদ্যযন্ত্রের অপূর্ব ঝংকারের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে গণসংগীত পরিবেশন করে সংগীত ভবনের শিল্পীরা। রাঙামাটি থেকে আসা আদিবাসী শিল্পী সংগঠন জুম ইস্থেটিকস কাউন্সিল পরিবেশন করে আদিবাসী নৃত্য।