চট্টগ্রামে প্রযুক্তিপণ্যের কেনাকাটায় ঈদ আমেজ
‘ঈদ মানে শুধু নতুন জামাকাপড় কেনাকাটা হবে কেন, ঈদের উৎসবটা যে যেভাবে উপভোগ করতে চায় তার সবটা নিয়েই তো ঈদ, ঈদের আনন্দ।’ এমনটাই বলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রওনক জাহান।গতকাল শুক্রবার সকালে চট্টগ্রামের চৌমুহনীর কম্পিউটার সিটিতে রওনক জাহান আসেন ল্যাপটপ কিনতে। তিনি বললেন, ‘একটা ল্যাপটপ কেনার ইচ্ছে আমার বহুদিনের। এবার ঈদে সে ইচ্ছেটা পূরণ করব। কারণ, এখন ঈদ উপলক্ষে অন্য কিছুর মতো প্রযুক্তি পণ্যের ক্ষেত্রেও বিশেষ ছাড় দেওয়া হয়। আর আমি সে সুযোগটাই কাজে লাগাচ্ছি।’বাংলাদেশ কম্পিউটার সমিতি চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুল হাসান সিদ্দিকী বলেন, ‘ ঈদ উপলক্ষে প্রযুক্তি পণ্যের বাজারে আয়োজন করা হয় মেলা, বিশেষ ছাড়, বিক্রয় উৎসবের। আমাদের ধারণা, এতে ক্রেতা-বিক্রেতা উভয়েই ভালো সাড়া পাচ্ছেন।’গতকাল নগরের আগ্রাবাদ, চৌমুহনী কম্পিউটার সিটি, চকবাজার, ওয়াসার মোড় ও জিইসি মোড়ের ইউনুস্কো সিটি সেন্টারের পঞ্চম তলায় ‘আইটি ফ্লোর’-এর বিভিন্ন প্রযুক্তি পণ্য বিপণনকেন্দ্র ঘুরে দেখা গেছে, এসব জায়গায় ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটারের ওপর ছাড় দেওয়া হচ্ছে। এ ছাড়া মুঠোফোন, পেনড্রাইভ, মাউস, কি-বোর্ড ইত্যাদি প্রযুক্তি সহায়ক পণ্যও (অ্যাকসেসরিজ) বিক্রি হচ্ছে সাশ্রয়ী মূল্যে। আর এসব পণ্যের মূল ক্রেতা বলতে গেলে তরুণেরা। তাঁদের আগ্রহই বেশি চোখে পড়েছে। ঈদের অন্যান্য কেনাকাটার পাশাপাশি তাঁরা এখানে ছুটে আসছেন দলবেঁধে।কম্পিউটার সোর্সের চকবাজার শাখায় কথা হয় চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী আরিফ আহমেদের সঙ্গে। তিনি বলেন, ‘আমি ল্যাপটপ কিনতে এসেছি। এটা আমার ঈদের কেনাকাটারই অংশ।’ চৌমুহনী কম্পিউটার সিটির গ্লোবাল টাচের মো. সাখাওয়াত হোসেন জানান, ‘রমজানের শুরু থেকে আমরা ঈদ উৎসবের আয়োজন করেছি। এতে বিভিন্ন মানের কম্পিউটার ও ল্যাপটপের সঙ্গে বিনা মূল্যে আট জিবি প্যানড্রাইভ ও অ্যালিয়েন ইউএসবি মাউস দিচ্ছি।’আগ্রাবাদ কম্পিউটার ভিলেজের মহাব্যবস্থাপক মো. শামসুদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা বিক্রয় উৎসবে সর্বশেষ বাজারে আসা তৃতীয় প্রজন্মের ল্যাপটপ, অন্যান্য ব্র্যান্ডের দ্বিতীয় প্রজন্মের ল্যাপটপ এবং ডেস্কটপ বিক্রি করছি। ল্যাপটপ ও ডেস্কটপের ওপর বিশেষ ছাড়সহ স্ক্র্যাচ কার্ড ও বিশেষ ঈদ উপহারের ব্যবস্থা রেখেছি।’