চট্টগ্রামে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত
চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় আবুল ইসলাম (৫৭) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আবুল ইসলামের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার উত্তরপাড়া গ্রামে। স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি চট্টগ্রাম নগরের ঈদগাঁও এলাকায় বসবাস করতেন।
খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, খুলশী আবাসিক এলাকার ১ নম্বর সড়কে ‘খুশী ভবন’-এর সামনে একটি প্রাইভেট কার আবুল ইসলামকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সড়ক দুর্ঘটনায় হতাহত ৩
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত এবং অপর দুই শ্রমিক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের কুম্ভারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক হলেন মো. হাফেজ (২৪)। অপরদিকে আহতরা হলো মো. কোরবান আলী (১৫) ও মো. বাদশা (১৩)। সবার বাড়ি উপজেলার কাঞ্চননগর গ্রামে৷ নাজিরহাট মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. মাহবুব উদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।