চট্টগ্রামে প্রাইভেট কারের ধাক্কায় বিক্রয়কর্মীর মৃত্যু
চট্টগ্রামে প্রাইভেট কারের ধাক্কায় আজিজুল হক (২৯) নামের একজন পত্রিকা বিক্রেতা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে নগরের দামপাড়া বাওয়া স্কুলের সামনে সাইকেলে করে যাওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। নিহত আজিজুলের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহিরুল ইসলাম জানান, গতকাল ভোরে সাইকেলে করে পত্রিকা বিক্রি করার উদ্দেশে বাওয়া স্কুলের সামনে দিয়ে যাচ্ছিল আজিজুল। এ সময় পেছন থেকে আসা দ্রুতগামী একটি প্রাইভেট কার সাইকেলটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পায় আজিজুল। পথচারীরা আহত আজিজুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আজিজুল চিটাগাং সংবাদপত্র হকার্স সমবায় সমিতি ও চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের সদস্য ছিলেন। তাঁর মৃত্যুর ঘটনায় সংগঠন দুটির পক্ষ থেকে পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।