চট্টগ্রামে প্রাণবন্ত সুধী সমাবেশ

আড্ডা, গান, কথামালা আর প্রশ্নোত্তরের মধ্য দিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো প্রথম আলোর ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুধী সমাবেশ। আজ শনিবার সন্ধ্যায় নগরের স্টেডিয়ামপাড়ার হল ২৪ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে লেখক, কবি, সাহিত্যিক, রাজনীতিক, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রথম আলোকে শুভেচ্ছা জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ৩২ শতাংশ জনগোষ্ঠী তরুণ। তাদের এগিয়ে নিতে হবে। প্রথম আলো এই পথে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানের শুরুতে অদম্য মেয়েরা নামে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে উঠে আসে ময়মনসিংহের কলসিন্দুর বিদ্যালয়ের অদম্য মেধাবী কিশোরী ফুটবলারদের বিভিন্ন বাধাবিঘ্ন পেরিয়ে সফল হওয়ার গল্প।
উপস্থিত সুধীজনদের শুভেচ্ছা জানিয়ে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, কলসিন্দুরের মেয়েদের দিকে বারবার তাকাই, বারবার মনে করি। আমাদের বাধা আসবে, প্রতিকূল সময় আসবে। কিন্তু ওই মেয়েরা, হার না-মানা দলের সদস্যরা, ওদের কাছ থেকে প্রেরণা নিয়ে আমরা বলি, বাংলাদেশ হারবে না। বাংলাদেশের জয় হবে।

প্রথম আলো সম্পাদক বলেন, ‘আমাদের একটিই এজেন্ডা, বাংলাদেশের জয়। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা বাংলাদেশের অগ্রযাত্রার সঙ্গে থাকতে চাই।’ তিনি বলেন, আমাদের শক্তির উৎস বাংলাদেশের মানুষ। বাংলাদেশের পাঠক। প্রতিদিন বাংলাদেশ এবং বিশ্বজুড়ে ৫৫ লাখ পাঠক প্রথম আলো পাঠ করে। বিশ্বের সবকটি বাংলা ওয়েবসাইটের মধ্যে প্রথম আলো এক নম্বর।
সুধী সমাবেশে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, নগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দর খান, চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন, সাবেক প্রতিমন্ত্রী ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম, চট্টগ্রাম চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম শহিদুর রহমান ও দেবদাস ভট্টাচার্য, মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী, জেলা সরকারি কৌঁসুলি আবুল হাশেম, সিআইডি চট্টগ্রামের বিশেষ পুলিশ সুপার মোশাররফ হোসাইন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহবুবুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল প্রথম আলো নিয়ে পাঠকের নানা প্রশ্ন। প্রশ্নের জবাব দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, প্রধান বার্তা সম্পাদক লাজ্জাত এনাব মহছি, চিফ বিজনেস অফিসার তানভীর আহমাদ, প্রথম আলো ডিজিটালের চিফ অপারেটিং অফিসার এহতেরাম উদ্দিন ও সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।
অনুষ্ঠানের শেষ পর্বে সংগীত পরিবেশন করেন শিল্পী দিনাত জাহান মুন্নী।
