চট্টগ্রামে প্রার্থিতা ফিরে পেয়েছেন চারজন
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে যাচাই-বাছাইয়ে বাদ পড়া চারজন কাউন্সিলর প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন। গতকাল রোববার বিভাগীয় কমিশনার কার্যালয়ে আপিল শুনানির পর তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এই চারজন হলেন ১০ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডের আতিয়া আক্তার, ৫ নম্বর মোহরা ওয়ার্ডের মো. আজম, ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের রফিউল হায়দার চৌধুরী ও ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের ছিদ্দিক আহমদ।
বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ জানান, যাচাই-বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের কয়েকজন আপিল করেছেন। প্রথম দিন ১৫ জনের আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে চারজনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
গতকাল শুনানির প্রথম দিনে আটজন সাধারণ ওয়ার্ডের ও সাতজন সংরক্ষিত নারী ওয়ার্ডের প্রার্থীর আপিল শুনানি হয়। আজ সোমবার দ্বিতীয় ও শেষ দিনের মতো বাকি আপিলকারীদের শুনানি অনুষ্ঠিত হবে।
মনোনয়ন বাতিলসংক্রান্ত আপিল শুনানির শুরু হওয়ার কথা ছিল কাল মঙ্গলবার থেকে। তা এগিয়ে এনে গতকাল থেকেই শুনানি শুরু করা হয়।
এর আগে ১ ও ২ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ঋণখেলাপি, তথ্য গোপন ও ফরম পূরণে অসম্পূর্ণতাসহ নানা কারণে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪২ জনের মনোনয়ন বাতিল করা হয়। এর মধ্যে একজন মেয়র প্রার্থী, ৩১ জন সাধারণ ওয়ার্ডের প্রার্থী ও ১০ জন সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী ছিলেন। বাতিল হওয়া প্রার্থীদের অধিকাংশ বিভাগীয় কমিশনারের কাছে আপিল করেছেন।
মনোনয়ন বাতিলের পর তিন দিন পর্যন্ত আপিল করার সুযোগ ছিল। সেই সুবাদে ২ এপ্রিল যাঁদের মনোনয়ন বাতিল হয়েছে গতকাল ছিল তাঁদের জন্য আপিল করার শেষ দিন।