চট্টগ্রামে প্রায় চার ঘণ্টা গ্যাসের সরবরাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাহিদার চেয়ে সরবরাহ কমে যাওয়ায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নগরের বিস্তীর্ণ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন শিল্প কারখানার পাশাপাশি সিএনজি রিফুয়েলিং স্টেশনে একযোগে কয়েক ঘণ্টা গ্যাস সরবরাহ ছিল না। রিফুয়েলিং স্টেশনে শত শত গাড়ি ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে। নগরের বাসাবাড়িতেও গতকাল দীর্ঘক্ষণ গ্যাস সরবরাহ কম ছিল বলে জানা গেছে। বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড (বিজিএসএল) সূত্রে জানা যায়, জাতীয় গ্রিড থেকে সরবরাহ কমে যাওয়ায় চট্টগ্রামে গ্যাসের এ সংকট দেখা দিয়েছে। বিশেষ করে সন্ধ্যাকালীন পিক আওয়ারে এ সংকট তীব্র আকার ধারণ করে।বিজিএসএল চট্টগ্রাম শাখার মহাব্যবস্থাপক খান আশরাফ আলী বলেন, চট্টগ্রামের অবস্থান ভাটির দিকে। ফলে উজানের গ্রাহকেরা গ্যাস টেনে নেওয়ায় চট্টগ্রাম পর্যন্ত গ্যাসের চাপ কমে গেছে। আর সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এ ধরনের সমস্যা হয়ে থাকে।চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী মো. আবুল হাসনাত প্রথম আলোকে বলেন, সন্ধ্যার পর নগরের সব সিএনজি রিফুয়েলিং স্টেশনে গ্যাস সরবরাহ প্রায় বন্ধ ছিল। দামপাড়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সিএনজি স্টেশনেও চার ঘণ্টা গ্যাস ছিল না।শিল্প কারখানার পাশাপাশি নগরের বিভিন্ন এলাকায় বাসাবাড়িতেও সন্ধ্যার পর পরই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। বিশেষ করে শহরতলি এলাকায় সংকট বেশি দেখা দেয়। নগরের বালুচরা এলাকার গৃহিণী সুরাইয়া বেগম বলেন, ‘বিকেল থেকেই গ্যাসের চাপ কমতে থাকে। সন্ধ্যায় চুলা জ্বালাতে গিয়ে দেখি গ্যাস একেবারেই নেই। বুধবারও এ ধরনের সমস্যা দেখা দিয়েছিল।’বিজিএসএল সূত্রে জানা যায়, চট্টগ্রামে গ্যাসের চাহিদা দৈনিক প্রায় সাড়ে ৩০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে সাঙ্গু গ্যাসক্ষেত্র ও জাতীয় গ্রিড মিলে মাত্র ২০০ মিলিয়ন ঘনফুটের মতো গ্যাস পাওয়া যাচ্ছে। আবার এ গ্যাসের পুরোটাই চট্টগ্রামে সরবরাহ করা হয় না। গত দুই বছরে কুমিল্লা, ফেনী ও সীতাকুণ্ড এলাকায় চারটি গ্যাসচালিত বিদ্যুত্ উত্পাদনকেন্দ্র এবং অনেক শিল্প কারখানা গড়ে উঠেছে। চট্টগ্রামের জন্য বরাদ্দ গ্যাস এসব প্রতিষ্ঠানেও চলে যাচ্ছে। এতে সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত গ্যাসের সরবরাহ চাহিদার এক-তৃতীয়াংশে নেমে আসে বলে বিজিএসএল সূত্রে জানা গেছে।