চট্টগ্রামে প্রেমঘটিত কারণে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের চকবাজার প্যারেড কর্নার এলাকায় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। প্রেমঘটিত ব্যাপারে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানা গেছে। নিহত যুবকের নাম তৌফিকুল ইসলাম (২৬)। তিনি মুরাদপুর শ্যামলী আইডিয়াল অ্যান্ড টেকনিক্যাল স্কুলের পঞ্চম সেমিস্টারের ছাত্র। তাঁর বাড়ি চন্দনাইশের জোয়ারা এলাকায়। তাঁর বাবা শামসুল ইসলাম পটিয়া খলিলুর রহমান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পারিবারিক সূত্রে জানা গেছে, তৌফিকুলের সঙ্গে চার বছর ধরে চট্টগ্রাম কলেজের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বছর খানেক আগে সম্পর্ক ভেঙে যায়। এর পরও তৌফিক মাঝেমধ্যে মেয়েটির সঙ্গে দেখা করতেন বলে জানা গেছে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিক আহমেদ চৌধুরী বলেন, গতকাল দুপুরে চট্টগ্রাম কলেজে মেয়েটির সঙ্গে দেখা করতে যান। এ সময় মেয়েটির কয়েকজন বন্ধু তাঁকে মারধর করে বলে অভিযোগ পেয়েছেন। একপর্যায়ে তৌফিকের ঊরুতে তিনটি ছুরিকাঘাত করা হয়। প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তৌফিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে বেলা আড়াইটার দিকে তৌফিক মারা যান। অত্যধিক রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয় বলে চিকিৎসকেরা জানান। মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে তৌফিকের বাবা মা ও স্বজনেরা ভিড় করেন। এ সময় তাঁরা কান্নায় ভেঙে পড়েন। তৌফিকের বাবা শামসুল ইসলাম জানান, মেয়েটির সঙ্গে তৌফিকের সম্পর্ক এখন নেই। তিনি এ হত্যাকাণ্ডের বিচার চান। পুলিশ এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত মেয়ে ও যুবকদের খুঁজছে।