চট্টগ্রামে পয়োবর্জ্যে দূষিত হচ্ছে কর্ণফুলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার পর ৪৯ বছর পেরিয়ে গেলেও চট্টগ্রামে কোনো পয়োনিষ্কাশন-ব্যবস্থা গড়ে তুলতে পারেনি চট্টগ্রাম পানি সরবরাহ কর্তৃপক্ষ। নগরের প্রায় ৫০ লাখ অধিবাসীর পয়োবর্জ্যে দূষিত হচ্ছে কর্ণফুলী নদী ও নগরের খালগুলো। ফলে ক্রমাগত বাড়ছে স্বাস্থ্য ও পরিবেশ-ঝুঁকি। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক গোলাম মোহাম্মদ ভূঁইয়া বলেন, নগরের ৫০ লাখ মানুষের নিঃসরিত পয়োবর্জ্যের পরিমাণ দৈনিক প্রায় তিন হাজার ৩৫০ টন। পাশাপাশি কয়েক কোটি লিটার গৃহস্থালি তরল বর্জ্য উৎপাদিত হয়। এসব বর্জ্যের কারণে স্বাস্থ্য ও পরিবেশ-ঝুঁকি বাড়ছে।চট্টগ্রাম কলেজের অধ্যাপক ও পরিবেশবিদ মুহাম্মদ ইদ্রিস আলী বলেন, পয়ঃ ও গৃহস্থালি তরল বর্জ্যের পুরোটাই নগরের প্রধান খালগুলোর মাধ্যমে কর্ণফুলীতে গিয়ে পড়ে। পয়োবর্জ্যে থাকা অতিরিক্ত কলিফর্মের কারণে নদীর পানিতে কলিফর্মের পরিমাণ অনুমোদিত মাত্রার ২০ গুণ বেড়ে গেছে। ২০০৪ সালে নদীর পানিতে দ্রবীভূত অক্সিজেন (ডিও) ছিল প্রতি লিটারে ৫ মিলিগ্রাম। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ২ দশদিক ৫ মিলিগ্রামে। এতে নদীর বাস্তুসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীর পানি মাছের বেঁচে থাকার অনুপযোগী হয়ে পড়ছে।চট্টগ্রামের সিভিল সার্জন আবু তৈয়ব বলেন, কলিফর্মের কারণে জন্ডিস, টাইফয়েড, আমাশয়, ডায়রিয়া, হেপাটাইটিস-বি, যকৃৎ ও অগ্ন্যাশয়ের বিভিন্ন রোগ, চর্মরোগসহ ১৩ ধরনের রোগ হতে পারে। তবে কর্ণফুলীতে জোয়ার-ভাটা থাকায় চট্টগ্রামে এ ধরনের রোগের প্রার্দুভাব এখনো লক্ষ করা যায়নি।বিশ্বব্যাংকের অর্থায়নে ওয়াসার সুয়ারেজ প্রকল্প: ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম ওয়াসার নাগরিক সনদে নগরবাসীকে পয়ঃসেবা দেওয়ার কথা উল্লেখ আছে। বিশ্বব্যাংক, সরকার ও ওয়াসার যৌথ অর্থায়নে ‘চট্টগ্রামের পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ও স্যানিটেশন’ প্রকল্পের অধীনে ‘সুয়ারেজ ও ড্রেনেজ’ প্রকল্পের কাজ শুরু হয়েছে গত বছরের জুন মাসে। ৭০ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে প্রকল্পের এই অংশের কাজ শেষ হবে ২০১৫ সালের ডিসেম্বরে।প্রকল্প পরিচালক ও ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানে আলম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, এই প্রকল্পের অধীনে নগরের পয়োনিষ্কাশন-ব্যবস্থা কেমন হবে, তা নিয়ে গবেষণা ও প্রস্তাবনা তৈরি করা হবে। সেই অনুসারে পাইলট প্রকল্পে ৩০ হাজার ব্যক্তির পয়োবর্জ্য সংগ্রহ ও পরিশোধনের ব্যবস্থা করা হবে।জানে আলম ভূঁইয়া বলেন, নগরবাসীকে চাহিদা অনুসারে পানি সরবরাহ করা সম্ভব না হলে পূর্ণাঙ্গ পয়োনিষ্কাশন-ব্যবস্থাও গড়ে তোলা সম্ভব নয়। অর্থাভাবে এত দিন পয়োনিষ্কাশন-ব্যবস্থার কাজ কার সম্ভব হয়নি।