চট্টগ্রামে ‘ফতেয়াবাদ নিউ সিটি’ আবাসন প্রকল্প বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রেসক্লাবে নগরের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বসতভিটা রক্ষা কমিটির সংবাদ সম্মেলন
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) প্রস্তাবিত ‘ফতেয়াবাদ নিউ সিটি’ নামের আবাসিক প্রকল্প বাতিলের দাবি জানানো হয়েছে।

আজ সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। নগরের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বসতভিটা রক্ষা কমিটি এ সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ১৫ দিনের মধ্যে প্রস্তাবিত প্রকল্পটি বাতিল করা না হলে সিডিএর সামনে অবস্থান কর্মসূচি, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি দেওয়া হবে। একই সঙ্গে এলাকাটিতে আবাসিক ভবন নির্মাণে নকশা অনুমোদনের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বসতভিটা রক্ষা কমিটির আহ্বায়ক দুর্গাপদ নাথ। তিনি বলেন, ওয়ার্ডে কোনো পরিত্যক্ত জমি নেই। এলাকার লোকজন কৃষি ও বসতভিটায় প্রকল্প না করার জন্য দাবি জানিয়ে আসছেন। এ জন্য সিডিএ চেয়ারম্যান, স্থানীয় সাংসদসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো আশার বাণী পাওয়া যায়নি। প্রকল্পটি বাতিলের দাবি জানাচ্ছেন তাঁরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ পাহাড়তলী বসতভিটা রক্ষা কমিটির উপদেষ্টা ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর গাজী শফিউল আজিম, সংগঠনের সদস্যসচিব সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান, ফজলুল কাদের চৌধুরী, রনজিৎ চক্রবর্তী, যুগ্ম সচিব অঞ্জন কারণ, সদস্য লোকমান হাকিম, গাজী মঈনুদ্দীন, গাজী আক্কাস প্রমুখ।