চট্টগ্রামে ফলমন্ডিতে হামলার প্রতিবাদে সমাবেশ-মিছিল
সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল শনিবার মিছিল ও সমাবেশ করেছেন চট্টগ্রাম নগরের বৃহত্তম ফলবাজার স্টেশন রোডের ফল ব্যবসায়ীরা। এ সময় প্রায় দুই ঘণ্টা ফলমন্ডির সব দোকান বন্ধ ছিল।
চাঁদা না দেওয়ায় গত শুক্রবার রাতে ফলমন্ডিতে ব্যবসায়ীদের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এতে এক ব্যবসায়ী আহত হন। প্রতিবাদে রাত ১০টার দিকে এক ঘণ্টা সড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা।
চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির ব্যানারে আয়োজিত সমাবেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন ব্যবসায়ীরা। সমাবেশে আজ রোববার বেলা দুইটায় ফলমন্ডিতে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়।
>সমাবেশে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন ব্যবসায়ীরা
সকালে স্টেশন রোডে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মালেক। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর তারেক সোলায়মান, এনায়েত বাজার ওয়ার্ডের কাউন্সিলর সলিমউল্লাহ, সমিতির সহসভাপতি আলী আব্বাস খান, সাধারণ সম্পাদক মো. আলমগীর।
যেসব সন্ত্রাসী-চাঁদাবাজ ফল ব্যবসায়ীদের হয়রানি করছে তাদের এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানান তারেক সোলায়মান।
সলিমউল্লাহ বলেন, ‘ফলমন্ডিতে হামলাকারীরা মাদকসেবী ও সন্ত্রাসী। তাদের অবিলম্বে গ্রেপ্তার করে ব্যবসায়ীদের শান্তিতে ব্যবসা-বাণিজ্য করার সুযোগ দেওয়ার জন্য আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।’
মো. আলমগীর বলেন, ‘সন্ত্রাসী চাঁদাবাজেরা আমাদের শান্তিতে ব্যবসা করতে দিচ্ছে না। আমরা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। নইলে আমরা কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব।’
চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বলেন, ‘সন্ত্রাসী চাঁদাবাজেরা আমাদের শান্তি দিচ্ছে না। আমরা জানমালের নিরাপত্তা চাই।’
সমাবেশের পর ফলমন্ডি থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।