চট্টগ্রামে ফাঁসির দাবিতে অবস্থান কর্মসূচি চলছে
গণজাগরণ ছড়িয়ে পড়েছে সবখানে। গতকাল শনিবার সকালে চতুর্থ দিনের মতো চট্টগ্রামের জামালখান প্রেসক্লাব চত্বরে ভিড় করেন ফাঁসির দাবি জানিয়ে আসা আবালবৃদ্ধবনিতা। এ ছাড়া নগরের একে খান মোড়, গোল পাহাড় মোড়সহ আরও কয়েকটি মোড়ে চলছে একই ধরনের প্রতিবাদ কর্মসূচি। সব কর্মসূচির এক সুর, ‘ফাঁসি চাই।’জামায়াতের হরতাল উপেক্ষা করে মিছিলসহকারে দলে দলে কিংবা পরিবার-পরিজন নিয়ে দীপ্ত পায়ে হেঁটে প্রতিবাদীরা যোগ দিয়েছেন গণদাবির মঞ্চে। সকাল থেকেই স্লোগানে প্রকম্পিত প্রেসক্লাব চত্বর দুপুরের মধ্যেই মানুষের পদভারে দুপুরের মধ্যেই সর্বস্তরের পদচারণে মুখর হয়ে ওঠে। রাজাকারদের প্রতি ঘৃণাভরে সমস্বরে আওয়াজ তোলেন ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, কাদের মোল্লার ফাঁসি চাই’ কিংবা ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা’ ইত্যাদি। তালে তালে বলেছে, ‘ক থেকে কাদের মোল্লা, গ থেকে গোলাম আযম, তুই রাজাকার তুই রাজাকার।’ প্রতিদিন বেলা তিনটা থেকে কর্মসূচি শুরু হলেও শনিবার হরতালের কারণে সকাল থেকেই কর্মসূচি দেওয়া হয়। জামায়াতের হরতালকে চ্যালেঞ্জ করে মিছিলও বের করে। মিছিলটি শহীদ মিনার ঘুরে পুনরায় গণজাগরণ চত্বরে ফিরে আসে। গতকাল সন্ধ্যার আগেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিক্ষক, শিক্ষার্থী, অনলাইন ব্লগারদের উপস্থিতি বাড়তে থাকে। সংস্কৃতিকর্মী, রাজনৈতিক কর্মী, লেখক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের একটাই দাবি, ‘এই রায় মানি না। ফাঁসি চাই।’সন্ধ্যায় সমবেত জনতার বাধার মুখে বক্তব্য দিতে পারেননি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। সাম্প্রদায়িকতাবিরোধী তরুণ উদ্যোগের ব্যানারে শুরু হওয়া এই প্রতিবাদ কর্মসূচি আরও বৃহত্তর পরিসরে চালানোর জন্য বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠক ও পেশাজীবীদের একটি কমিটি গঠিত হয়েছে। এই কমিটির আহ্বায়ক হচ্ছেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম। সদস্যসচিব করা হয়েছে উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি চন্দন দাশকে। জামালখান ছাড়াও নগরের গোলপাহাড় মোড়ে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং নগরের অলংকার মোড়ে মুক্তিযুদ্ধের পক্ষে নতুন প্রজন্ম ’৭১ নামে পৃথক দুটি সংগঠন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে। এই কর্মসূচিতেও ছিল বক্তৃতা, গান ও আবৃত্তি।