চট্টগ্রামে ফার্নিচার মার্কেটে আগুন

চট্টগ্রাম নগরের আসকারদিঘির উত্তর পাড়ে ফার্নিচার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে এখানকার ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। আজ রোববার ভোর ছয়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পাশের কয়েকটি বস্তিঘরও পুড়ে গেছে।
দুপুর ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছিল। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি গাড়ি কাজ করছে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। কিছু কিছু স্থান থেকে ধোঁয়া উঠছে, তা নেভানোর কাজ চলছে। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে জানানো হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। এসব ফার্নিচার দোকানের নিচে ছিল সবগুলোর কারখানা। কারখানায় কাঠ, কাঠের গুঁড়ি, তুষ, রাসায়নিক সলিউশান, রং ইত্যাদি ছিল। ফলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও আগুন ভয়াবহ আকার ধারণ করে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী বলেন, ‘উত্তর পাড়ে ফার্নিচারের ১০টি দোকানের মধ্যে নয়টিই পুড়ে গেছে। বাকি একটির কিছুটা পুড়েছে। ক্ষয়ক্ষতি কয়েক কোটি টাকা হতে পারে।’
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেন, ‘আগুনে বেশ কয়েকটি বস্তিঘরও পুড়ে গেছে। আমরা এর তালিকা তৈরি করছি। তাদের আর্থিক ও অন্যান্য সাহায্য-সহযোগিতা করা হবে। এ ছাড়া ফার্নিচার দোকানিদের ক্ষতি বেশি হয়েছে। তাঁদের ব্যাংকিং কিংবা ঋণদানে সহযোগিতা করা হবে।’