চট্টগ্রামে ফায়ার সার্ভিসের পোশাক কারখানা পরিদর্শন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের নয় শতাধিক পোশাক ও পোশাকসংশ্লিষ্ট কারখানা পর্যবেক্ষণ শুরু করেছে। গতকাল সোমবার থেকে সাতটি দলে বিভক্ত হয়ে এই পর্যবেক্ষণ করা হচ্ছে। অগ্নিনির্বাপণ-ব্যবস্থা, বহির্গমন সিঁড়িসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখে তাঁরা প্রতিবেদন দেবেন। ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল প্রথম দিনে নগরের কালুরঘাট শিল্প এলাকা, চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (সিইপিজেড), দেওয়ানহাট, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকার ২৮টি পোশাক কারখানা পরিদর্শন করেছে। এক মাস ধরে এই পরিদর্শন কার্যক্রম চলবে। এরপর একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হবে। গতকাল পরিদর্শন করা বেশির ভাগ কারখানার অগ্নিনির্বাপণ-ব্যবস্থা সন্তোষজনক নয় বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। পরিদর্শন দল কারখানার পানি সংরক্ষণাগার, অগ্নিনির্বাপণযন্ত্র, প্রশস্ত সিঁড়ি, অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ইত্যাদি পর্যবেক্ষণ করেছে। জানতে চাইলে একটি পরিদর্শন দলের প্রধান ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সুবাস চন্দ্র দেবনাথ বলেন, ‘আমরা কালুরঘাটে বেশ কিছু কারখানা পরিদর্শন করেছি। প্রথম দিনে ৪০ শতাংশ কারখানা পাওয়া গেছে, যাদের নির্বাপণব্যবস্থা পুরোপুরি নেই। এই অবস্থায় আমরা এক মাসের মধ্যে তা ঠিক করার জন্য তাঁদের বলেছি।’ফায়ার সার্ভিস সূত্র জানায়, ত্রুটিযুক্ত কারখানাগুলোকে এক মাসের মধ্যে তাদের অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার জন্য চিঠি দেবে। এরপর না করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ফায়ার সার্ভিস বিধিমালার ১৮ ও ২০ ধারা অনুযায়ী এই কার্যক্রম চলছে। ফায়ার সার্ভিসের অপর একটি দল নগরের ইপিজেড এলাকায়ও পরিদর্শনে যায়। ওখানকার অবস্থা অন্যান্য স্থানের চেয়ে ভালো বলে জানা গেছে। তবে ইপিজেডের জিন্স ২০০০ নামে একটি প্রতিষ্ঠান ছয়তলার অনুমোদন নিয়ে সাততলা পর্যন্ত কারখানা বর্ধিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কর্তৃপক্ষকে এ ব্যাপারে নোটিশ দেওয়া হয় বলে জানা গেছে। জানতে চাইলে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, ‘ইপিজেডের অবস্থা মোটামুটি ভালো। তবে জিন্স ২০০০ নামে একটি প্রতিষ্ঠান ছয়তলার অনুমোদন নিয়ে সাততলা ভবন করে কারখানা পরিচালনা করছে।’প্রসঙ্গত, পর্যবেক্ষণের আওতায় থাকা নয় শতাধিক কারখানার মধ্যে পোশাক কারখানা ও পোশাকসংশ্লিষ্ট কারখানাও রয়েছে।ফায়ারের এই পরিদর্শন কার্যক্রম সম্পর্কে বিজিএমইএর প্রথম সহসভাপতি মো. নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের কারখানাগুলো গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে। এক মাসের সময় পর্যাপ্ত নয়। আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে আগামীকাল একটি বৈঠকে বসব। এ জন্য আমাদের দেশের প্রেক্ষাপট বিবেচনা করে সমাধান করতে হবে। সচেতনতা বাড়াতে হবে।’