চট্টগ্রামে ফিজিকস অলিম্পিয়াড অনুষ্ঠিত

পদার্থবিজ্ঞানে উৎসাহ বাড়ানোর লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে গেল ফিজিকস অলিম্পিয়াড ২০১৫-এর বিভাগীয় উৎসব ও প্রতিযোগিতা। এতে বিজয়ী ৬০ জন প্রতিযোগী ৩০ ও ৩১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিকস অলিম্পিয়াডের চূড়ান্ত আসরে প্রতিদ্বন্দ্বিতা করবে।
গতকাল শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে এ উৎসব ও প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আরশাদ মোমেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াড চট্টগ্রাম বিভাগের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. কর্নেল মো. জিয়াউদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মশিউর রহমান প্রমুখ।
পঞ্চমবারের মতো চট্টগ্রামের বিভাগীয় অলিম্পিয়াড আসরের আয়োজন করেছে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল। এ বছর অংশ নিয়েছে চট্টগ্রাম বিভাগের ১৭৩টি বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী। ‘এ’ ‘বি’ ও ‘সি’—এই তিন ক্যাটাগরিতে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিয়েছে।
গতকাল সকাল নয়টায় প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের পাঁচলাইশ ও কাতালগঞ্জ শাখায় প্রতিযোগীরা পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে প্রতিযোগী ও অতিথিরা প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের পাঁচলাইশ শাখা থেকে একটি শোভাযাত্রা বের করে।