চট্টগ্রামে ফিজিকস অলিম্পিয়াড অনুষ্ঠিত
চট্টগ্রামে আজ শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল ৬ষ্ঠ ডিবিবিএল বাংলাদেশ ফিজিক্সি অলিম্পিয়াডের বিভাগীয় উৎসব ও প্রতিযোগিতা। এতে বিজয়ী ৬০ শিক্ষার্থী আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ফিজিকস অলিম্পিয়াডের চূড়ান্ত আসরে অংশ নেবে।
চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে বেলা ১১টায় উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের অধ্যাপক ইয়াসমিন হক, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত লে. কর্নেল মো. জিয়াউদ্দিন আহমেদ, উপাধ্যক্ষ ই ইউ এম ইনতেখাব প্রমুখ। এর আগে প্রতিযোগীরা সকাল নয়টায় প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে সেখান থেকে একটি শোভাযাত্রা বের হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. মুহাম্মদ জাফর ইকবাল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘এই বিশ্বব্রহ্মাণ্ডে সবচেয়ে মূল্যবান বস্ত্ত হচ্ছে মানুষের মস্তিষ্ক। প্রত্যেকের মধ্যেই তা আছে। কিন্তু তোমরা নিজেদের প্রশ্ন করো, এর কতটুকু ব্যবহার করছো? তোমাদের প্রতি একটাই পরামর্শ, চর্চার মাধ্যমে মস্তিষ্ককে বাড়াও। অল্পতে সন্তুষ্ট থেকো না। চিন্তা করো, পাঠ্যবই পড়ো। কোচিং কিংবা গাইড নিয়ে পড়ে থেকো না।’
তিনি আরও বলেন, ‘এখানে যারা ফিজিকস অলিম্পিয়াডে অংশ নিয়েছে, তারা বিজ্ঞানকে ভালোবেসে এসেছে। নিয়মিত বিজ্ঞান চর্চার মাধ্যমে মানুষ তার চিন্তাভাবনা ও মস্তিষ্ককে অনেক ধাপ ওপরে নিয়ে যেতে পারে।’
উদ্বোধনী বক্তব্য শেষে শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন ড. মুহাম্মদ জাফর ইকবাল। প্রশ্ন ফাঁস নিয়ে প্রতিকার বিষয়ে করা এক শিক্ষার্থীর প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘প্রশ্ন ফাঁস হলো কী না তোমরা সে বিষয়ে কখনো খোঁজও নিওনা। যারা ফাঁস করা প্রশ্নে পরীক্ষা পাস করে তারা জীবনে বেশিদূর যেতে পারে না।’
প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের শতাধিক বিদ্যালয় ও কলেজের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেয়। সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ‘এ’ ‘বি’ ও ‘সি’-এই তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। চট্টগ্রামে ৬ষ্ঠবারের মতো এ আয়োজন করেছে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল।