চট্টগ্রামে ফিটনেসবিহীন ১৮ হাজার গাড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর ও আশপাশের এলাকায় ফিটনেসবিহীন অন্তত ১৮ হাজার গাড়ি চলাচল করছে। সড়ক দুর্ঘটনা ও পরিবেশদূষণের অন্যতম কারণ এসব গাড়ি। হালনাগাদ ফিটনেস সনদ না নেওয়ায় সরকারও বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে জানা গেছে, চট্টগ্রামে নিবন্ধন করা অন্তত ৮০ হাজার যানবাহন আছে। এর মধ্যে ১৮ হাজারের কোনো ফিটনেস সনদ নেই। এর মধ্যে শীর্ষে আছে ব্যক্তিগত গাড়ি (প্রাইভেটকার ও জিপ)। এর সংখ্যা প্রায় সাড়ে সাত হাজার। এ ছাড়া রয়েছে প্রায় আড়াই হাজার সিএনজি অটোরিকশা ও টেম্পো। চট্টগ্রামে নিবন্ধন নেওয়া নয় হাজার ট্রাকের মধ্যে দুই হাজার ৪০০ নিয়মিত ফিটনেস সনদ নিচ্ছে না। একইভাবে সাত হাজার মাইক্রোবাসের অন্তত দেড় হাজার ফিনটেস সনদ ছাড়াই নগরে চলাচল করছে। বিআরটিএ চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মাসুদ আলম প্রথম আলোকে বলেন, ‘মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও ১৫ থেকে ২০ বছর ধরে ফিটনেস সনদ নবায়ন করছে না—এমন অনেক যানবাহন চট্টগ্রামের সড়কে চলাচল করছে। ফিটনেস না নেওয়ায় এবং নিয়মিত কর পরিশোধ না করায় আমরা ১২ হাজার যানবাহন মালিককে চিঠি দিয়েছি। কিন্তু তেমন সাড়া পাওয়া যাচ্ছে না।’খোঁজ নিয়ে জানা গেছে, বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ে নিবন্ধন নেওয়া ট্রাকের সংখ্যা প্রায় নয় হাজার। এর মধ্যে প্রায় আড়াই হাজার ট্রাক বছরের পর বছর কোনো ফিটনেস সনদ নিচ্ছে না। এসব ট্রাকের অধিকাংশই চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহনে ব্যবহার করা হয়। এসব ট্রাক আটক করা হলে বন্দরের পণ্য পরিবহন বন্ধ রেখে বন্দর অচল করার হুমকি দেয় চট্টগ্রাম বন্দর ট্রাক মালিক সমিতি। ফলে বিআরটিএ কিংবা ট্রাফিক পুলিশ এসব ট্রাকের বিরুদ্ধে কোনো অভিযান চালাতে পারছে না।পুলিশ সূত্র জানায়, প্রচলিত আইনে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে উচ্চহারে জরিমানার কোনো বিধান নেই। এ কারণে বারবার মামলা ও জরিমানা হলেও ফিটনেসবিহীন গাড়ির চলাচল বন্ধ হচ্ছে না। নগর ট্রাফিক পুলিশের উপকমিশনার (ডিসি-ট্রাফিক) ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ট্রাফিক পুলিশ প্রতিদিন যানবাহনের বিরুদ্ধে ২০০ থেকে ৩০০টি মামলা করছে। এর বেশির ভাগই ফিটনেস না থাকার অভিযোগে হচ্ছে। একবার মামলা হলে তাদের সর্বোচ্চ ৭০০ টাকা জরিমানা হয়। ডিসি-ট্রাফিক বলেন, ট্রাফিক পুলিশে যে জনবল আছে, তা দিয়ে একবার মামলা হলে দ্বিতীয়বার ওই একই গাড়ির বিরুদ্ধে মামলা করতে গেলে অন্তত ৫০ দিন সময় লাগবে। এটা ফিটনেসবিহীন গাড়ির মালিকদের কাছে সহনীয় হয়ে গেছে। এ কারণে তাঁরা সরকারি রাজস্ব পরিশোধ করে ফিটনেস নেওয়ার চেয়ে বরং ফিটনেস ছাড়াই গাড়ি চালাতে বেশি উত্সাহী হচ্ছে।বিআরটিএর কর্মকর্তারা জানান, গত অর্থবছর গাড়ি নিবন্ধন, ট্যাক্স-টোকেন খাতের আয়, রুট অনুমোদন ও ফিটনেস নবায়ন খাতে বিআরটিএ চট্টগ্রাম অঞ্চলের রাজস্ব আয় হয় ৮২ কোটি টাকা। ফিটনেসবিহীন গাড়ির উপযুক্ত কর পরিশোধ করা হলে এ আয় ১০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।