চট্টগ্রামে ফের গ্যাস-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও জাতীয় গ্রিড থেকে চট্টগ্রামে গ্যাস সরবরাহ কমে গেছে। ফলে তিন দিন ধরে নগরের অনেক এলাকায় গৃহস্থালিতে তীব্র গ্যাস-সংকট দেখা দিয়েছে। এর সমাধান হবে কবে, সে বিষয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিও উত্তর দিতে পারছে না।
কর্ণফুলী গ্যাসের কর্মকর্তারা জানান, চট্টগ্রামের জন্য দৈনিক কমপক্ষে সাড়ে চার শ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। কিন্তু এখানে গড়ে ২৮০ থেকে ২৯০ মিলিয়নের বেশি গ্যাস পাওয়া যায় না। রোববার থেকে এই সরবরাহ আরও কমেছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামে ২৩৬ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গেছে। এর আগে সোমবার ২৪২ মিলিয়ন ঘনফুট ও রোববার ২৬২ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যায়। সরবরাহ কমে যাওয়ার প্রভাব প্রথমেই আবাসিক সংযোগে পড়েছে।
নগরের নন্দনকানন, মোমিন রোড, ষোলোশহর, আগ্রাবাদ, মাদারবাড়ি, আশকারদীঘির পাড়, লাভলেইন, পাহাড়তলী, বাকলিয়া, বহদ্দারহাট, চকবাজার, জামালখানসহ অনেক এলাকায় সকালের দিকে গ্যাস পাওয়া যায় না। কোথাও বিকেলে, কোথাও রাতের দিকে গ্যাস মেলে।
আশকারদীঘির পাড় এলাকার গৃহিণী মনোয়ারা সুলতানা বলেন, রাত না পোহাতেই এখন রান্নার জন্য ঘুম থেকে উঠতে হয়। আটটার আগেই দিনের সব রান্না শেষ করতে হয়। শীতের শুরুতেই এই অবস্থা! শীত এলে কী হবে কে জানে!
মোমিন রোডের বাসিন্দা শহীদুল ইসলাম বলেন, ‘আমরা তিন বন্ধু মিলে একটি ভাড়া বাসায় থাকি। আমাদের সবার পরিবার গ্রামে। ছুটা বুয়া এসে দিনে রান্না করে দেয়। কিন্তু গ্যাস না থাকায় দুই দিন বাসায় রান্না বন্ধ। গত সোমবার অফিস থেকে ফিরে রাত ১১টায় রান্না করেছি। বাইরে খেয়ে তো পোষাতে পারব না।’
যোগাযোগ করলে কর্ণফুলী গ্যাসের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস) খন্দকার মতিউর রহমান প্রথম আলোকে বলেন, জাতীয় গ্রিড থেকে গ্যাস কম আসায় রোববার থেকে শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। কাফকো ও রাউজান তাপ বিদ্যুৎকেন্দ্রেও তুলনামূলক কম গ্যাস দেওয়া হচ্ছে। এ ছাড়া গ্যাসের চাপও কম। ইতিমধ্যে পেট্রোবাংলাকে বিষয়টি জানানো হয়েছে। তবে সরবরাহ কবে স্বাভাবিক হবে এখনই তা বলা যাচ্ছে না।