চট্টগ্রামে ফোম তৈরির কারখানা ও বসতঘরে আগুন, ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে নাসিরাবাদ শিল্প এলাকায় একটি ফোম তৈরির কারখানা এবং হালিশহরের একটি বসতঘরে এ আগুন লাগে।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বায়েজীদ বোস্তামি থানাধীন নাসিরাবাদ শিল্প এলাকায় আরকো ফোম ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি ফোম কারখানায় সকাল ছয়টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। এতে ফোম তৈরির কাঁচামালসহ অন্যান্য মালামাল পুড়ে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।অপর দিকে, বন্দর থানাধীন দক্ষিণ হালিশহরে একটি বসতবাড়িতে আগুন লেগে সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। বেলা সাড়ে ১১টায় রান্নার চুলা থেকে মো. আলমগীর নামের এক ব্যক্তির ১৫ কক্ষবিশিষ্ট ভাড়াটে বসতঘরে আগুন লাগে। এতে সাত লাখ টাকার ক্ষতি হয় এবং ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয় বলে জানা গেছে।