চট্টগ্রামে বই উৎসবের দিনেও পৌঁছেনি সপ্তম শ্রেণীর বাংলা বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বিনা মূল্যে বই বিতরণ উৎসবের প্রথম দিনেও সপ্তম শ্রেণীর বাংলা বই এসে পৌঁছেনি জেলার সবখানে। সরবরাহকারী প্রতিষ্ঠানের সমস্যার কারণে এ জটিলতার সৃষ্টি হয়েছে বলে জানা যায়। সপ্তম শ্রেণীর বাংলা বইটি আজকের মধ্যে এসে যাবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা। অপরদিকে, গতকাল রোববার পর্যন্ত চট্টগ্রাম বিভাগে প্রাথমিক পর্যায়ের প্রায় ৯৮ শতাংশ বই পাওয়া গেছে। এ ছাড়া সব বই সুষ্ঠুভাবে বিতরণ হয়েছে। কোথাও কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি। গতকাল সকালে নগরের মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক স্তরের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক শাহ সুফী মোহাম্মদ আলী রেজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিলকিস আরা বেগম। একই দিন সকালে নগরের কলেজিয়েট স্কুল, খাস্তগীর সরকারি স্কুল, নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয় ও চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে মাধ্যমিক স্তরের বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মো. আজিজ উদ্দিন।মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল রোববার পর্যন্ত চট্টগ্রাম অঞ্চলে মাধ্যমিক শ্রেণীর এক কোটি ২৮ লাখ ৭৩ হাজার ২৫৭টি বই বিতরণ করা হয়েছে। তবে রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী উপজেলা ছাড়া কোথাও সপ্তম শ্রেণীর বাংলা বই এসে না পৌঁছায় তা বিতরণ করা সম্ভব হয়নি। চট্টগ্রাম অঞ্চলের অধীনে রয়েছে ৬২টি উপজেলা, ছয়টি থানা ও সাতটি জেলায়। খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসমত জাহান জানান, ‘সপ্তম শ্রেণীর বাংলা বই ছাড়া আমরা বরাদ্দ অনুযায়ী, সব বই পেয়েছি এবং সুষ্ঠুভাবে অন্য সব বই বিতরণ করা হয়েছে।’ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মো. আজিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা গতকাল চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৮ শতাংশ বই বিতরণ করেছি। সরবরাহকারী প্রতিষ্ঠান কোনো কারণে যথাসময়ে পৌঁছাতে পারেনি বলেই হয়তো সপ্তম শ্রেণীর বাংলা বইটি আমাদের হাতে এসে পৌঁছেনি। আশা করছি, আজ রাতের মধ্যে বইটি পেয়ে গেলে আমরা তা সবখানে বিতরণ করতে পারব।’ বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল পর্যন্ত চট্টগ্রাম বিভাগে প্রথম শ্রেণীর ২৮ লাখ ৪৮ হাজার ৮৫০টি বইয়ের বিপরীতে ২৮ লাখ ৪৩ হাজার ৮৯৬টি বই পাওয়া যায়। দ্বিতীয় শ্রেণীর ২৬ লাখ ৩৬ হাজার ৯৯৪টি বইয়ের মধ্যে ২৬ লাখ ২৫ হাজার ৮০৫টি, তৃতীয় শ্রেণীর ৪৮ লাখ ৮১ হাজার নয়টির মধ্যে ৪৭ লাখ ৯৯ হাজার ৪১৩টি, চতুর্থ শ্রেণীর ৪৩ লাখ ১৫ হাজার ৯৫৭টি বইর মধ্যে ৪১ লাখ ৮২ হাজার ৮৩৬টি ও পঞ্চম শ্রেণীর ৩৩ লাখ ৮৩ হাজার ৫৯৬টি বইয়ের মধ্যে ৩২ লাখ ২২ হাজার ৬৩০টি বই পাওয়া যায়। এ ব্যাপারে চট্টগ্রাম বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক শাহ সুফী মোহাম্মদ আলী রেজা প্রথম আলোকে বলেন, ‘আমরা গতকাল পর্যন্ত ৯৮ শতাংশ বই পেয়েছি। বাকি বইগুলোও আজ-কালের মধ্যে পেয়ে যাব। এ জন্য জেলা ও বিভাগের বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণে কোনো সমস্যা হয়নি। বেশকিছু বই জমা থাকে জেলা ও থানা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে। কাজেই বইয়ের কোনো সংকট হবে না কোথাও।’চট্টগ্রাম বিভাগে সরকারি, রেজিস্টার্ড, কমিউনিটি ও এনজিও স্কুলসহ ১৭ হাজার ৩৫১টি স্কুল রয়েছে।গতকাল সরেজমিনে বিভিন্ন স্কুলে গিয়ে দেখা যায়, সকাল থেকেই বইয়ের জন্য স্কুলের সামনে অপেক্ষায় রয়েছে সরকারি প্রাথমিক, রেজিস্টার্ড, মডেল বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা।নগরের পাঠানটুলী খান সাহেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী শাহজাহান নতুন বই পেয়ে খুব খুশি। একে একে বইয়ের পাতা উল্টে দেখতে থাকে। স্কুলের প্রধান শিক্ষক নাফিজা বানু জানান, তার এখানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ জন শিক্ষার্থী রয়েছে। বরাদ্দ অনুযায়ী, সব বই পেয়েছেন। আগ্রাবাদ সুলতান আল নাহিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী মাহবুবা আক্তার নতুন বই নিয়ে বেশ উৎফুল্লভাবে বাড়ি ফিরছিল। বলল, ‘ক্লাস ওয়ানে উঠেছি। তাই স্যার আমাকে নতুন বই দিয়েছে আমাকে।’