চট্টগ্রামে বই বৃক্ষ ও মৎস্যমেলা শুরু হচ্ছে আজ
চট্টগ্রামের লালদীঘি ময়দানে আজ রোববার শুরু হচ্ছে বই, বৃক্ষ ও মৎস্যমেলা। মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ এ মেলার আয়োজক। পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু আজ দুপুরে মেলার উদ্বোধন করবেন বলে আয়োজকেরা জানান।
গতকাল শনিবার মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কার্যালয়ে মেলার প্রাক্-প্রস্তুতি উপলক্ষে মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
সভায় মহিউদ্দিন চৌধুরী বলেন, অর্থলোভী বনখেকোদের কবলে পড়ে সুজলা-সুফলা বাংলাদেশের পরিবেশ আজ বিপর্যয়ের পথে। আগামী প্রজন্মকে রক্ষার জন্য বনায়নের কোনো বিকল্প নেই।
সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কো-চেয়ারম্যান বদিউল আলম, মহাসচিব মো. ইউনুছ, মেলার পরিবেশ ও বনবিষয়ক উপপরিষদের সভাপতি মশিউর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা অমল মিত্র প্রমুখ। মেলা ডিসেম্বর মাসজুড়ে চলবে বলে আয়োজকেরা জানান।