চট্টগ্রামে বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নগরের মুসলিম হল প্রাঙ্গণে ১৩ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। গতকাল সোমবার বিকেলে সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম বইমেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, ‘একুশের চেতনাকে ধরে রাখতে এই বইমেলার আয়োজন। মহান স্বাধীনতা আন্দোলনের সূচনা হয়েছে ভাষা আন্দোলনের মাধ্যমে। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার চেতনা আমাদের ধরে রাখতে হবে। এই অর্জনের জন্য যাঁরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের আমাদের জীবনের প্রতি মুহূর্তে স্মরণ করতে হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ, সচিব রশিদ আহমেদ, প্রকাশকদের পক্ষে মহিউদ্দিন শাহ আলম।
করপোরেশনের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবদুর রহিমের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর জহর লাল হাজারী, মেয়রের একান্ত সচিব মো. মঞ্জুরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের আগে করপোরেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।