চট্টগ্রামে বইমেলার উদ্বোধন
একুশ মেলা পরিষদের উদ্যোগে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের ডিসি হিলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী একুশের বইমেলা। সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংসদ হাছান মাহমুদ।
উদ্বোধনী অনুষ্ঠানে হাছান মাহমুদ বলেন, ভাষার জন্য রক্ত দিয়েছে একমাত্র বাঙালি জাতি। আর সেই রক্ত বৃথা যায়নি। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে।
দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, তারেক সোলায়মান সেলিম, এইচ এম সোহেল, নাজমুল হক ডিউক ও হাসান মুরাদ বিপ্লব। স্বাগত বক্তব্য দেন যুবলীগের নেতা সুমন দেবনাথ ও লিটন দে।
হাছান মাহমুদ বলেন, শুধু বইমেলায় এসে ঘুরলে হবে না। বইও কিনতে হবে। বই পড়ে জ্ঞান আহরণ করতে হবে। বই পড়ার মাধ্যমে মুক্তবুদ্ধির চর্চা করতে হবে।