চট্টগ্রামে বইয়ের আড়ং শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল বইকে সর্বস্তরে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে বাংলা একাডেমির আয়োজনে চট্টগ্রামে শুরু হয়েছে বইয়ের আড়ং। গতকাল মঙ্গলবার সকালে নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে বইয়ের আড়ং উদ্বোধন করেন সমাজবিজ্ঞানী ও বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন।
১৫ জুন পর্যন্ত চলবে বইয়ের আড়ং। এতে ৩০ শতাংশ থেকে শুরু করে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ে বই কিনতে পারবেন পাঠকেরা৷
উদ্বোধনী অনুষ্ঠানে অনুপম সেন বলেন, ‘আধুনিক বিশ্ব ও সভ্যতা বইয়ের সৃষ্টি। জ্ঞান-বিজ্ঞানের সবকিছুই ধরে রাখা হয় বইয়ের মাধ্যমে। ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে দুই বাংলায় অসাধারণ সব সাহিত্য রচিত হয়েছে। বাংলা একাডেমি সেগুলোর বেশির ভাগই সংরক্ষণ করেছে। ধ্রুপদি বইগুলো নতুন করে প্রকাশের জন্য তাদের কাছে আবেদন থাকল।’ চট্টগ্রামে এ ধরনের আয়োজনের জন্য বাংলা একাডেমিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ১৮০০ টাকা দামের বই ৬০০ টাকায় কেনা যাবে—এর চেয়ে আনন্দের আর কী হতে পারে! লোকসাহিত্য ও লোকসংস্কৃতিসহ সব ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব বাংলা একাডেমির।
সভাপতির বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘ঢাকার বাইরে বইয়ের আড়ং চট্টগ্রাম থেকেই শুরু হলো। আশা করছি প্রতিবছরই এ আয়োজন করা হবে। চট্টগ্রাম শুধু বাণিজ্য নগর নয়, এটি সাহিত্য নগরও।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, বাংলা একাডেমির উপপরিচালক আফজাল হোসেন, সাংবাদিক রাশেদ রউফ প্রমুখ।
আড়ং উপলক্ষে আয়োজন করা হয়েছে আলোচনা সভার। গতকাল বিকেলে অনুষ্ঠিত হয়েছে ‘চট্টগ্রামে সাহিত্যচর্চা’ শীর্ষক আলোচনা। এতে সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। আলোচনায় অংশ নেন মাহবুবুল হক, মহীবুল আজিজ, আনোয়ারা আলম ও রাশেদ রউফ।