চট্টগ্রামে বইয়ের দোকানে নকল বইয়ের ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের গ্রন্থ বিপণিকেন্দ্রগুলোতে এখন নকল (পাইরেসি) বইয়ের ছড়াছড়ি। মূল প্রকাশক, লেখক ও পরিবেশকের অনুমতি ছাড়াই নিজেদের প্রতিষ্ঠানে বিক্রি করছেন একটি সংঘবদ্ধ চক্র।
নকল করা এসব বইয়ের মধ্যে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা দেয়াল, মুহম্মদ জাফর ইকবালের লেখা এখন তখন মানিক রতন, অতিরিক্ত জেলা দায়রা জজ মো. আখতারুজ্জামানের লেখা বিকল্প বিরোধ নিষ্পত্তির ধারণা ও আইন প্রভৃতি বই বাজারে বিক্রির অভিযোগ রয়েছে।
সম্প্রতি এ ধরনের নকল বই ছাপার সঙ্গে জড়িত একটি চক্রের খোঁজ পেয়েছে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন আন্দরকিল্লা বোগদাদী মার্কেটের কম্পিউটার কম্পোজের দোকান অ্যাড সাইনের মালিক বাবলু দাশ এবং একই এলাকার শাহেন শাহ সুপার মার্কেটের বইয়ের দোকান বুক কালেকশনের মালিক রানা মল্লিক, সজল মল্লিক ও কামরুজ্জামান সেলিম। শেষোক্ত ব্যক্তি চট্টগ্রাম থেকে বই নিয়ে ঢাকার বিভিন্ন বই বিপণিতে বিক্রির কাজ করেন।
তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস খান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার করা চারজনকে রিমান্ডে নেওয়ার প্রস্তুতি চলছে। অ্যাড সাইনের বাসু দাশ ও শংকর এখনো পলাতক রয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মূলত এঁরাই নকল বই ছাপার মূল হোতা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ বিকল্প বিরোধ নিষ্পত্তির ধারণা ও আইন বইটির প্রকাশক রাজিয়া খাতুন মামলা করেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে ২৩ মার্চ পুলিশের উপপরিদর্শক মো. ইলিয়াস খান অ্যাড সাইনে অভিযানে চালিয়ে কম্পোজের কপি ও কম্পিউটার হার্ডডিস্ক জব্দ করেন। পরে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছে হুমায়ূন আহমেদের দেয়াল বইটির কপিও পাওয়া যায়। ১২ মার্চ কুমিল্লার প্রকাশনা প্রতিষ্ঠান ল বুক হাউসের মালিক আশরাফ উদ্দিনের মামলার ভিত্তিতে পুলিশ আন্দরকিল্লাহ এলাকায় অপর এক অভিযানে নামে। এ সময় স্থানীয় প্যান্টন কালার প্রিন্টারে হিন্দু আইনবিষয়ক একটি বই ছাপার সময় হাতেনাতে প্লেট জব্দ করা হয়। এর সঙ্গে জড়িত ব্যক্তিরা অ্যাড সাইন তাদের এ কাজটি দিয়েছে বলে জানায়।
পুলিশের উপপরিদর্শক মো. ইলিয়াস খান এসব বিষয় স্বীকার করে বলেন, চট্টগ্রামে বই পাইরেসির সঙ্গে একটি বড় চক্র জড়িত। তারা খবর নিয়ে যে বইগুলো বেশি চলে সেগুলো নিজেরাই ছেপে নিয়ে বাজারে বিক্রি করে। মূল বইয়ের চেয়ে অনেক কম দামে কেনা যায় বলে ক্রেতারা এগুলোর ব্যাপারে তেমন মাথা ঘামায় না।
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি চট্টগ্রামের সদস্য সচিব এবং চট্টগ্রামের বই বিপণি ‘বাতিঘরে’র স্বত্বাধিকারী দীপংকর দাশ বলেন, নকল বইগুলো মূল প্রকাশকের বইয়ের তুলনায় বাধাই এবং ছাপার মান কোনোটাই মান সম্মত নয়। কিন্তু সাধারণ পাঠকের চোখে তাৎক্ষণিকভাবে তা ধরা পড়ে না। ফলে পাঠককে প্রতারিত করে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র।
ঢাকার প্রকাশনা সংস্থা অন্য প্রকাশ থেকে ছাপা হয় হুমায়ূন আহমেদের লেখা দেয়াল বইটি। অন্য প্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘চট্টগ্রামে পুলিশ প্রশাসনের অনুসন্ধানে আরও কয়েকটি বই পাইরেসির অভিযোগের সঙ্গে আমাদের এ বইটিও রয়েছে। ফলে একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আমাদের আশ্বস্থ করা হয়েছে।’
ঢাকার শুদ্ধস্বর প্রকাশনা থেকে বের করা হয় মুহম্মদ জাফর ইকবালের এখন তখন মানিক রতন । এর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ চৌধুরী জানান, ‘চট্টগ্রামের একটি বই বিপণি প্রথমে আমাদের কাছ থেকে ১০ হাজার টাকার নগদ বই কিনে নিয়ে যায়। এর পরই তারা এ ধরনের চৌর্যবৃত্তির আশ্রয় নেয়। আমি এ ব্যাপারে ঢাকার শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছি।’