চট্টগ্রামে বকেয়া মজুরির দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া মজুরির দাবিতে গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় জেন্টস এক্সপ্রেস নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল নয়টা থেকে শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হতে থাকেন। একপর্যায়ে শ্রমিকেরা কারখানার সামনের সাগরিকা বিটাক সড়কে বসে পড়েন। বেলা একটা পর্যন্ত তাঁরা থেমে থেমে স্লোগান দেন। খবর পেয়ে পাহাড়তলী থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে যায়। তারা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। বেলা একটার পর শ্রমিকেরা সড়ক থেকে উঠে যান।
শ্রমিকদের অভিযোগ, তিন-চার মাস ধরে নির্ধারিত সময়ে মজুরি দিচ্ছে না কর্তৃপক্ষ। ডিসেম্বর মাসের মজুরি ১০ জানুয়ারি দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত দেওয়া হয়নি।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, তিন-চার মাস ধরে মজুরি দিতে দেরি হচ্ছিল। ডিসেম্বর মাসের মজুরি এর আগে দুই দফা সময় দিয়েও দেওয়া সম্ভব হয়নি। এর প্রতিবাদে শ্রমিকেরা বিক্ষোভ করেন। শান্তিপূর্ণভাবে তাঁদের কর্মসূচি শেষ হয়।