চট্টগ্রামে বঙ্গবন্ধু বইমেলা ও বিজয় উৎসব শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান বিজয় দিবস সামনে রেখে কাল শনিবার চট্টগ্রামে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বইমেলা ও বিজয় উৎসব। আট দিনব্যাপী এ মেলা ও উৎসব শেষ হবে ২০ ডিসেম্বর। মেলা হবে চট্টগ্রামের ডিসি হিলের নন্দিত নজরুল স্কয়ারে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে বঙ্গবন্ধু বইমেলা ও বিজয় উৎসব উদ্যাপন পরিষদ সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানায়।
সংবাদ সম্মেলনে উদ্যাপন পরিষদের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রামে এই প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বইমেলার আয়োজন করা হয়েছে। মেলায় ঢাকার ১৬টিসহ মোট ৩০টি সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উদ্যাপন পরিষদের মহাসচিব চৌধুরী হাসান মাহমুদ হাসনী। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিষদের প্রধান সমন্বয়কারী মো. হেলাল উদ্দিন, যোগাযোগ সমন্বয়কারী খোরশেদ আলম, উপদেষ্টা নঈম উদ্দিন চৌধুরী, শফর আলী, বালাগাত উল্লাহ, নোমান আল মাহমুদ, বখতিয়ার উদ্দিন খান, নুরুল আমিন, মনজুর হোসেন, আবদুল কদর, রফিকুল ইসলাম প্রমুখ।