চট্টগ্রামে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল প্রদান, শোভাযাত্রা, আলোচনা, চিত্রাঙ্কন ও সুন্দর লেখা প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে বঙ্গবন্ধুর ৯৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। গতকাল রোববার এই দিনটি পালন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী সকালে চট্টগ্রামে এক শোভাযাত্রার আয়োজন করে। এর আগে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. আবদুল মান্নান পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। এরপর নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু-কিশোরদের নিয়ে এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শিশু একাডেমী প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর সেখানে বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক এল এ রাব্বী মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মান্নান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার, চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ। জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। নগরের দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা ধারণ করে জেগে ওঠার সময় এসেছে। একাত্তরের হাতিয়ারকে শাণিত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার এটাই একমাত্র সুযোগ।’ সভায় সমবেত শিশু-কিশোরদের নিয়ে কেক কাটেন মহিউদ্দিন চৌধুরী।