চট্টগ্রামে বঙ্গবন্ধুর দুটি ম্যুরাল উদ্বোধন

চট্টগ্রাম নগরের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের (অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক) দুই প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুটি ম্যুরাল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কুয়াইশ প্রান্তে সিডিএ আয়োজিত অনুষ্ঠানে ম্যুরাল দুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি এ সময় সিডিএর আরও পাঁচটি প্রকল্পের উদ্বোধন করেন।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ব্যবস্থাপনা ও অর্থায়নে ম্যুরাল দুটি নির্মাণ করা হয়। অ্যাভিনিউয়ের কুয়াইশ প্রান্তে স্থাপিত ৪২ ফুট উচ্চতার ম্যুরালটিই বঙ্গবন্ধুর সর্বোচ্চ উচ্চতার ম্যুরাল বলে দাবি করেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। অক্সিজেন প্রান্তে স্থাপিত ম্যুরালটির উচ্চতা ২৬ ফুট।
কুয়াইশ প্রান্তের অনুষ্ঠানে সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, জাতির জনকের স্মৃতিকে ধরে রাখার জন্য দুটি ম্যুরাল নির্মাণ করা হয়েছে।
সিডিএর উপপ্রধান নগর পরিকল্পনাবিদ শাহীন উল ইসলাম খান প্রথম আলোকে বলেন, তিনি ও সিডিএর ঊর্ধ্বতন স্থপতি মাহরিনা জাফরিন যৌথভাবে ম্যুরাল দুটির নকশা প্রণয়ন করেন। ম্যুরাল দুটি নির্মাণ করতে প্রায় এক বছর সময় লেগেছে। ব্যয় হয়েছে ১ কোটি ২০ লাখ টাকা।
সিডিএ সূত্র জানায়, বঙ্গবন্ধুর ম্যুরাল দুটি যাতে অনেক দূর থেকে দৃষ্টিগোচর হয়, এ জন্য সড়ক থেকে অবৈধ বিলবোর্ড, সিএনজিচালিত ট্যাক্সির অস্থায়ী স্টেশন ও আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রাতেও স্থাপনাটি আকর্ষণীয় করতে আলোর ব্যবস্থা রাখা হয়েছে।