চট্টগ্রামে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। নগর আওয়ামী লীগের দলীয় কার্যালয় দারুল ফজল মার্কেটে গতকাল শুক্রবার কোরআনখানি ও মিলাদ মাহফিলের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকাল ১০টায় শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ পদস্থ কর্মকর্তারা।
বাদ জুমা প্রশাসনের আয়োজনে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম আবদুল কাদের প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে শিল্পকলা একাডেমীতে বঙ্গবন্ধুর ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রশাসনের পদস্থ কর্মকর্তারা অংশ নেন। আলোচনা সভার পর শিশু-কিশোরদের মধ্যে রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এবারের কর্মসূচিতে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাসিরউদ্দিন গোপালগঞ্জে অবস্থান করছেন। ফলে নগরের কর্মসূচিতে নেতৃত্ব দেন নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।