চট্টগ্রামে বড় ভাইয়ের হাতে দুজন খুন
চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুর এলাকায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট দুই ভাই খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকালে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আবু সুফিয়ান (৪৮) ও আবু মোরশেদ (৩৫)। তাঁরা সুলতানপুর এলাকার কাজীপাড়ার কাজীবাড়ির বাসিন্দা। অভিযুক্ত বড় ভাই আবুল কালাম ঘটনার পর থেকে পলাতক।
জানা গেছে, অনেক দিন ধরেই তিন ভাইয়ের মধ্যে জায়গা নিয়ে বিরোধ চলছিল। একই কারণে আজ সকালে তিন ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে বড় ভাই কালাম ঘর থেকে ছোরা এনে দুই ভাইকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান। একপর্যায়ে দুই ভাই মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের ও স্থানীয় লোকজন তাঁদের হাসপাতালে নিয়ে যায়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, ‘জায়গাসংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই কালাম তাঁর ছোট দুই ভাইকে ছুরিকাঘাত করে খুন করেন। কালাম পলাতক।’ এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।
জানা গেছে, রাউজান স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সুফিয়ান মারা যান। মোরশেদ মারা যান দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।