জেলা প্রশাসনে এক হাজার ৯৬২টি প্রস্তাব পাঠিয়েও লাভ হয়নি
চট্টগ্রামে বন বিভাগের ১৫ হাজার একর জমি উদ্ধার হচ্ছে না
চট্টগ্রাম উত্তর বন বিভাগের ১৫ হাজার একর জমি দীর্ঘদিন ধরে বেদখল হয়ে আছে। জেলা প্রশাসন ও বন বিভাগের মধ্যে কাজের সমন্বয়হীনতার কারণে বছরের পর বছর এই জমি উদ্ধার করা যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।চট্টগ্রাম উত্তর বন বিভাগের মধ্যে রয়েছে মিরসরাই, সীতাকুণ্ড, ফটিকছড়ি, হাটহাজারী এবং রাঙ্গুনিয়া উপজেলার ও চট্টগ্রাম নগরের কিছু অংশ। উত্তর বন বিভাগে মোট বনভূমির পরিমাণ এক লাখ ৩৯ হাজার ৮৩৮ দশমিক ৪১ একর।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেদখল জমি উদ্ধার অভিযানে সরাসরি যেতে পারে না বন বিভাগ। তারা বেদখল হওয়া জমি উদ্ধারের তালিকা তৈরি করে এসব জমি উদ্ধারের জন্য জেলা প্রশাসনকে অনুরোধ জানায়। এরপর জেলা প্রশাসন থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়।বন বিভাগ অভিযোগ করেছে, তাদের বারবার অনুরোধ সত্ত্বেও চট্টগ্রাম জেলা প্রশাসন এ ব্যাপারে কোনো উদ্যোগী ভূমিকা নিচ্ছে না।চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মো. আনোয়ার হোসেন সরকার প্রথম আলোকে বলেন, ‘বন বিভাগের জায়গা দখলমুক্ত করার অথবা উচ্ছেদ অভিযান পরিচালনার ক্ষমতা আমাদের নেই। আমরা এ বিষয়ে জেলা প্রশাসনকে জানানোর পর তাঁরা উচ্ছেদ অভিযান পরিচালনা করে।’অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইসমাইল হোসেন বলেন, ‘আমি গত ২৪ মার্চ এখানে দায়িত্ব নিয়েছি। এর মধ্যে বন বিভাগ থেকে কোনো উচ্ছেদ অভিযানের প্রস্তাব পাইনি।’বন বিভাগ সূত্র জানায়, ২০০৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত পাঁচ বছরে বন বিভাগ থেকে উচ্ছেদ অভিযান শুরুর জন্য চট্টগ্রামের জেলা প্রশাসনের কাছে মোট এক হাজার ৯৬২টি প্রস্তাব পাঠানো হয়। মিরসরাই, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি উপজেলায় বেদখল হওয়া প্রায় দেড় হাজার একর জমিতে উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য বিভিন্ন সময় এসব অনুরোধপত্র পাঠানো হয়েছে। কিন্তু জেলা প্রশাসন থেকে এ ব্যাপারে ইতিবাচক কোনো সাড়া মেলেনি।সূত্র জানায়, ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত বন বিভাগ ভূমির যে তালিকা তৈরি করে তাতে দেখা যায়, মিরসরাই, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি ও সীতাকুণ্ড এলাকায় বিক্ষিপ্তভাবে মোট ১৫ হাজার একর সরকারি জমি বেদখল আছে। খোঁজ নিয়ে জানা গেছে, দখলমুক্ত করতে না পেরে বন বিভাগ কৌশল করে এসব জমিতে দখলদারের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন কার্যক্রম শুরু করেছে। ২০০৪ সাল থেকে এই বনায়ন শুরু হয়। এতে বেদখল হওয়া জমিতে বন বিভাগের আংশিক দখল প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু ফলাফল খুব একটা সন্তোষজনক নয়। বন বিভাগের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা উত্তম কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সামাজিক বনায়নের মাধ্যম আমরা বন বিভাগের বেদখল হওয়া জমি উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।’