চট্টগ্রামে বন্ড কমিশনারেট কার্যালয়ের যাত্রা শুরু
চট্টগ্রামে পূর্ণাঙ্গ কাস্টমস বন্ড কমিশনারেট কার্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ এই কার্যালয় উদ্বোধন করেন।চট্টগ্রামের আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকায় কাস্টমস বন্ড কমিশনারেট কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য যোগ দেওয়া কমিশনার মো. জামাল হোসেন। এ সময় রাজস্ব বোর্ডের সদস্য বেগম জাহান আরা সিদ্দিকী, মো. শাহ আলম খান, মো. নাসির উদ্দিন, মো. এনায়েত হোসেন, চট্টগ্রাম কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার মতিউর রহমান উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ বলেন, সনাতন পদ্ধতিতে সদিচ্ছা থাকলেও সেবা দেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে দ্রুত সেবা দেওয়া যায়। এ কারণে কাস্টমস বন্ড কমিশনারেটকে পুরোপুরি স্বয়ংক্রিয় পদ্ধতির আওতায় আনার কাজ চলছে।এনবিআরের চেয়ারম্যান বলেন, মামলাজনিত কারণে অনেক রাজস্ব আটকে আছে। এসব রাজস্ব আদায় করতে আগামী মাস থেকে বিকল্প বিরোধ নিষ্পত্তি চালু করা হবে। প্রথমে চট্টগ্রাম কাস্টম হাউসে এই পদ্ধতিতে মামলা-সংক্রান্ত জটিলতায় আটকে থাকা রাজস্ব আদায় করা হবে।প্রসঙ্গত, ব্যবসায়ী সংগঠনগুলো ১০ বছর ধরে চট্টগ্রামে পূর্ণাঙ্গ কার্যালয় স্থাপনের দাবি জানিয়ে আসছিল। গত মাসে সরকার পূর্ণাঙ্গ কার্যালয় স্থাপনের অনুমোদন দেয়। এরপর প্রথম কমিশনার হিসেবে মো. জামাল হোসেনকে এই কার্যালয়ে নিয়োগ দেওয়া হয়।বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দীন চৌধুরী বলেন, পূর্ণাঙ্গ কার্যালয় না থাকায় এত দিন ঢাকায় গিয়ে ফাইল অনুমোদন করাতে হতো।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, এফবিসিসিআইয়ের পরিচালক এস এম নুরুল হক, চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম, করোগেটেড কার্টন প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিসিসিএএমইএর উপদেষ্টা তসলিম উদ্দিন চৌধুরী, মেট্রোপলিটন চেম্বারের এ এম মাহবুব চৌধুরী।পূর্ণাঙ্গ বন্ড কমিশনারেটের যাত্রা শুরুর আগে ঢাকা থেকে কেন্দ্রীয়ভাবে চট্টগ্রামের বন্ডেড ওয়্যারহাউসগুলোর প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হতো। চট্টগ্রামে শাখা কার্যালয় থাকলেও চট্টগ্রামের রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের নথিপত্র সিদ্ধান্ত ও অনুমোদনের জন্য ঢাকায় পাঠানো হতো। এ কারণে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স প্রদানসহ বেশির ভাগ সেবা পেতে ভোগান্তি পোহাতে হতো রপ্তানিকারকদের। পূর্ণাঙ্গ কার্যালয় চালু হওয়ায় এখন চট্টগ্রাম কার্যালয় থেকে সব সিদ্ধান্ত পাচ্ছেন রপ্তানিকারকেরা।