চট্টগ্রামে বন্ধুকে হত্যায় বন্ধুর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বন্ধুকে হত্যার দায়ে আরেক বন্ধুকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় দেন।

দণ্ডাদেশ পাওয়া ব্যক্তির নাম মো. ইউনুস। তিনি পলাতক রয়েছেন। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. ইকবাল, মোর্শেদ খান ও নসরত উল্লাহ নামের তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

ওই আদালতের সরকারি কৌঁসুলি মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ১৯৯৭ সালের ৩ জানুয়ারি নগরের চর চাক্তাই এলাকায় বাসা থেকে ডেকে নিয়ে শমসের আলী নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় শমসেরের বাবা দেওয়ান আলী বাদী হয়ে বন্ধু ইউনুসসহ চারজনকে আসামি করে বাকলিয়া থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ৩ নভেম্বর আদালতে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ একজনকে যাবজ্জীবন এবং তিনজনকে বেকসুর খালাস দেন।