চট্টগ্রামে বন্ধুমেলায় নানা আয়োজন

গান, নৃত্য, আবৃত্তি, কথামালা আর আড্ডায় চট্টগ্রামে আজ মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত হলো বন্ধু মেলা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই মেলায় বক্তারা বলেছেন, বাংলাদেশকে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা দেখতে চাই। আজ দেশের অনেক অর্জন। কিন্তু সব অর্জন নষ্ট হয়ে যেতে পারে যদি নারী-পুরুষ সমতা না থাকে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করতে হবে।
‘মর্যাদায় গড়ি সমতা’ শীর্ষক স্লোগানে প্রথম আলো বন্ধুসভা নগরের শিল্পকলা একাডেমিতে এই বন্ধুমেলার আয়োজন করে। সহযোগিতায় ছিল মানুষের জন্য ফাউন্ডেশন এবং মাত্রা। সকালে জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা এবং বন্ধুসভার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বন্ধুমেলার উদ্বোধন করা হয়। অধ্যক্ষ আনোয়ারা আলম শহীদ এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে পতাকা দুটি উত্তোলন করেন। মেলায় চট্টগ্রাম ছাড়াও তিন পার্বত্য জেলা, কক্সবাজার, ফেনীসহ ১১টি বন্ধুসভার সদস্যরা অংশ নেন।
বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামানের সঞ্চালনায় মেলার বিভিন্ন পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, বিজ্ঞাপনী সংস্থা মাত্রার কর্ণধার অভিনেতা আফজাল হোসেন, মানুষের জন্য ফাউন্ডেশনের সমন্বয়কারী বনশ্রী মিত্র নিয়োগী, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, আইনজীবী শামীমা ফেরদৌস ও উন্নয়ন সংগঠন মমতার পরিচালক স্বপ্না তালুকদার।

শাহীন আনাম বলেন, নারীর প্রতিটি কাজের মূল্যায়ন করতে হবে। কাজের স্বীকৃতি দিতে হবে। কারণ নারীর কাজের অর্থনৈতিক এবং সামাজিক মূল্য রয়েছে। আজ যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ তাতেও অর্ধেকের বেশি অবদান নারীর। কিন্তু নারীর এই অবদানের স্বীকৃতি আমরা দিই না। তিনি আরও বলেন, আমাদের সমাজব্যবস্থায় নারী-পুরুষ বৈষম্য রয়ে গেছে। ঘরে নির্যাতিত হচ্ছে নারীরা। আমরা সহিংসতা কমাতে নানা কর্মসূচি নিচ্ছি। ১১৮টি সংগঠনের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা বন্ধে কাজ করে যাচ্ছি আমরা। কিন্তু সমাজ এখনো বুঝতে পারছে না নারী কীভাবে অবদান রেখে যাচ্ছে।
অভিনেতা আফজাল হোসেন বলেন, সমাজের এমন কোনো ক্ষেত্র নেই যে নারীরা অবদান রাখছে না। তবু আজ নারী নির্যাতনের শিকার হচ্ছে। এ জন্য আগে আমাদের দৃষ্টিভঙ্গি এবং ধ্যান ধারণা বদলাতে হবে।
অধ্যক্ষ আনোয়ারা আলম বলেন, মনোবল, দৃঢ়তা এবং আত্মবিশ্বাস নিয়ে নারীকে এগিয়ে যেতে হবে। তাহলেই কাঙ্ক্ষিত অর্জন সম্ভব।
এ ছাড়া আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুমন গাঙ্গুলি ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষক সাদিকা সুলতানা। অতিথিরা উপস্থিত বন্ধুদের নানা প্রশ্নের জবাব দেন।
দিনব্যাপী এই আয়োজনের সাংস্কৃতিক পর্ব শুরু হয় ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানের সঙ্গে দলীয় নৃত্যের মাধ্যমে। এর পর মর্যাদায় গড়ি সমতা শীর্ষক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। চট্টগ্রাম বন্ধুসভার সদস্যরা পরিবেশন করেন দলীয় সংগীত। ‘ঘরের কাজ মেয়েদের’ শীর্ষক বিতর্ক পরিচালনা করেন চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি জয়শ্রী দাশ।
শেষে একাত্তরের বীর শহীদদের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে দিনব্যাপী উৎসবের ইতি টানা হয়।
