চট্টগ্রামে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন
চট্টগ্রামে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন হয়েছেন। গত মঙ্গলবার রাতে নগরের পতেঙ্গা খেজুরতলা এলাকায় এ ঘটনা ঘটে। টাকাপয়সা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত রানা মিয়া (৩৮) পেশায় ভ্যানচালক।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহাব উদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, নিহত রানা ও খায়রুল দুজনেই ভ্যানচালক। তাঁদের গ্রামের বাড়ি নেত্রকোনার মদনগঞ্জে। দীর্ঘদিন ধরে তাঁরা চট্টগ্রাম নগরের পতেঙ্গা খেজুরতলা এলাকায় ভাড়া বাসায় বাস করছেন। কিছুদিন ধরে তাঁদের মধ্যে টাকাপয়সা লেনদেন নিয়ে মনোমালিন্য সৃষ্টি হয়।
রানা মঙ্গলবার রাতে খায়রুলের বাসায় এলে ক্ষিপ্ত হয়ে খায়রুল এ সময় রানার বুকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত রানার ভাই মোখলেসুর রহমান বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।