চট্টগ্রামে বন্ধুর ছুরিকাঘাতে ভ্যানচালক খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে রানা মিয়া নামের এক ভ্যানচালক খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে নগরের পতেঙ্গা খেজুরতলা এলাকায় এ ঘটনা ঘটে। টাকাপয়সা নিয়ে বিরোধের জের ধরে রানাকে তাঁর বন্ধু খায়রুল ছুরিকাঘাত করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহাব উদ্দিন আহমেদ জানান, রানা ও খায়রুল দীর্ঘদিন ধরে নগরের পতেঙ্গা খেজুরতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সম্প্রতি টাকাপয়সার লেনদেন নিয়ে তাঁদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। রানা মিয়া গতকাল রাতে খায়রুলের বাসায় গিয়ে পাওনা টাকা চান। এতে ক্ষিপ্ত হয়ে রানাকে ছুরি দিয়ে আঘাত করেন খায়রুল। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রানার ভাই মোখলেসুর রহমান বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় খায়রুলের স্ত্রী সালমাকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, রানা ও খায়রুল দুজনেই ভ্যানচালক। তাঁদের গ্রামের বাড়ি নেত্রকোনার মদনগঞ্জে।