চট্টগ্রামে বন্ধুসভার ইভ টিজিংবিরোধী মানববন্ধন
বখাটেদের হাতে ফরিদপুর ও নাটোরে অভিভাবক ও শিক্ষক হত্যাকাণ্ডের বিচার দাবি এবং বিভিন্ন জায়গায় ইভ টিজিংয়ের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে প্রথম আলো বন্ধুসভা। এ সময় সংক্ষিপ্ত বক্তৃতায় উত্ত্যক্তকারীদের কঠোর হাতে দমনের পাশাপাশি ইভ টিজিং বন্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানান বক্তারা।লিও ক্লাব অব চিটাগাং কসমোপলিটন ও লিও ক্লাব অব ডায়নামিক সিটির নেতারা মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন। অনুষ্ঠানে বন্ধুসভার সভাপতি শেখ জিয়াউল হক, সহসভাপতি নুরুন্নাহার বেগম, উপদেষ্টা আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, শিক্ষিকা সালমা জাহান, লিও মো. আরিফুর রহমান, ওয়াসকুরুনি প্রমুখ বক্তৃতা করেন।মাদকবিরোধী পরামর্শ সভা: বন্ধুসভার আয়োজনে আগ্রাবাদ মহিলা কলেজে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী পরামর্শ সভা। ‘আসুন মাদকমুক্ত থাকি’ শীর্ষক এই পরামর্শ সভায় ছিল রম্য বিতর্ক, প্রশ্নোত্তর পর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা তাঁদের স্বজনদের মাদকমুক্ত রাখার বিষয়ে উপস্থিত বিশেষজ্ঞদের কাছে পরামর্শ চান। তাঁরা এ বিষয়ে বিভিন্ন প্রশ্নও করেন। অনুষ্ঠানে মনোরোগ চিকিৎসক মোহিত কামাল, আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ আনোয়ারা আলম, প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, চিকিৎসক আহমেদ হেলাল, শিক্ষক ফাতেমা শারমিন, মিতালী পালিত প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা হাত তুলে মাদককে ‘না’ বলেন। পরামর্শ সভা সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান। রম্য বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন কলেজের শিক্ষার্থী তুলি, সানজিদা, নূপুর, পুষ্প প্রমুখ।