চট্টগ্রামে বরফ কলে বিস্ফোরণ
চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানার চর পাথরঘাটা এলাকায় একটি বরফকলে বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল সকালে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে পার্শ্ববর্তী একটি মাদ্রাসার শিক্ষার্থীও রয়েছে। হুড়োহুড়ি করে নামতে গিয়ে তারা আহত হয়।
আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁরা হলেন মো. জাকির (৩০), শাকিল (১৫), নিশা আক্তার (১৩), কাউছারা আক্তার (১৪), মিলু (১৪) ও কালা মিয়া (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, মো. আলী চেয়ারম্যানের মালিকানাধীন একটি বরফকলে সকালে গ্যাসলাইন ছিদ্র হয়ে বিস্ফোরণ ঘটে। এতে করে অ্যামোনিয়া গ্যাসে পুরো কারখানা আচ্ছন্ন হয়ে যায়। ফলে বিষক্রিয়ায় ওই সব ব্যক্তি আহত হন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘গ্যাসে কয়েকজন শ্রমিক আহত হন। পাশাপাশি পার্শ্ববর্তী একটি মাদ্রাসার ছাত্রও আহত হয়। বিস্ফোরণের শব্দে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ফলে তারা হুড়োহুড়ি করে নামতে গিয়ে এবং তিনতলা থেকে নিচে কাদামাটিতে লাফ দিয়ে আহত হয়।’