চট্টগ্রামে বরিশাল কলোনিতে অভিযান ২৪ জন গ্রেপ্তার
মাদকের আখড়া বলে পরিচিত চট্টগ্রাম মহানগরের বরিশাল কলোনিতে অভিযান চালিয়ে পুলিশ ২৪ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে। এ সময় ১৫ লিটার দেশি মদ উদ্ধার করা হয়। গতকাল শনিবার বিকেলে কোতোয়ালি ও ডবলমুরিং থানার পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।সংশ্লিষ্ট সূত্র জানায়, বিকেল পৌনে চারটা থেকে দুই ঘণ্টা ধরে পুলিশের অভিযান চলে। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আবদুল্লাহ আল মাহমুদ ও ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আরেফীন জুয়েল।পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা পালিয়ে যায়। মাদক সেবনরত অবস্থায় ২৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ১৫ লিটার দেশি মদও উদ্ধার করা হয়।এসি আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘আমরা ফেনসিডিল ও হেরোইন জব্দ করার লক্ষ্য নিয়ে গিয়েছিলাম। আমাদের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা সটকে পড়ে। মাদক সেবনরত অবস্থায় ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’