চট্টগ্রামে বর্ণময় একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>গতকাল অমর একুশের দিনভর প্রথম আলো ও সার্ফ এক্সেলের আয়োজনে চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো বর্ণমেলা

বিশাল ‘ব’ দাঁড়িয়ে আছে মাঠে। এর আশপাশে ‘ক’, ‘অ’, ‘দ’—যে যেখানে পেরেছে মাঠে জায়গা করে নিয়েছে। আকারে অবশ্য কেউ ‘ব’কে ছাড়িয়ে যেতে পারেনি। তবে দৈর্ঘ্য-প্রস্থে হেরফের থাকলেও বর্ণগুলোর মধ্যে মিলও ছিল। সকালে সবার রং ছিল সাদা। আবার বিকেলে সব বর্ণই হয়ে ওঠে বর্ণিল।

বর্ণ ছিল মাথার ওপর দিয়ে টানানো দড়ির মধ্যেও। পুরো মঞ্চও বর্ণখচিত। প্রদর্শনীতে, টি-শার্টে, প্রতীকী শহীদ মিনারে—সবখানেই বর্ণ। অনুষ্ঠানে আসা এক শিশুও কাদামাটির তৈরি ‘ম’ বর্ণ নিয়ে আসে। চট্টগ্রামে প্রথম আলো আয়োজিত বর্ণমেলা ছিল এমনই বর্ণময়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গতকাল রোববার সকাল সাড়ে নয়টায় নগরের নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে শুরু হওয়া এই বর্ণমেলা দিনব্যাপী চলে। এই আয়োজনে সহযোগিতা করেছে ইউনিলিভারের ব্র্যান্ড সার্ফ এক্সেল।
সকালে রক্তকরবীর শিল্পীদের সমস্বরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে চট্টগ্রামের বর্ণমেলার সূচনা হয়। এরপর বর্ণখচিত বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক মাহবুবুল হক।
অনুষ্ঠানে হাসিনা জাকারিয়া বলেন, ‘সারা বিশ্বে আজ আমাদের ভাষা সমাদৃত। কিন্তু আমরা বর্ণ ভুলে যাচ্ছি। তাই এ ধরনের মেলার গুরুত্ব অনেক।’
রক্তকরবীর শিল্পীরা জাতীয় সংগীতের পাশাপাশি আরও কয়েকটি গান শোনান। এরপর ছিল অভ্যুদয় সংগীত অঙ্গনের শিল্পীদের পরিবেশনা। অবশ্য মঞ্চে গানের আয়োজন শুরু হওয়ার আগেই মাঠে ছিল শিশু-কিশোরদের রাজত্ব। কেউ এসেছে পুরো পরিবার নিয়ে, কেউবা বন্ধুদের সঙ্গে। ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আবদুল্লাহ মামুন জানায়, রঙিনভাবে সাজানো বর্ণগুলো তার ভালো লেগেছে।
মাঠে ছিল বর্ণদোলা। দোল খাওয়ার জন্য শিশুদের ভিড় তো ছিলই, কম যাননি বড়রাও। সেখানে অপেক্ষা করছিলেন সুমনা নামের এক নারী। তিনি বলেন, ‘ছোটবেলায় চড়েছি। আজ বাচ্চাকে নিয়ে আবার দোলনায় চড়ার জন্য দাঁড়িয়েছি।’
বর্ণায়ন স্টলে টি-শার্ট বর্ণময় করে তুলে পুরস্কার পেয়েছে সানজিদা, শামীম ও তুবা। বর্ণ প্রদর্শনীতে শিশুদের পাঠানো বর্ণ শোভা পাচ্ছিল। কেউ বোতাম দিয়ে বানিয়েছে ‘ব’, কেউবা চশমা দিয়ে তৈরি করেছে ‘চ’। এসব বর্ণের পাশে দাঁড়িয়ে ‘সেলফি’ না তুলে থাকতে পারেনি অনেকে। ভিড় ছিল বর্ণপ্রযুক্তি, বই বর্ণালি, বর্ণে ডাকটিকিট, বর্ণ পোশাকের স্টলেও।
বিকেলে বর্ণমেলার মঞ্চ মাতিয়েছেন দেশসেরা শিল্পীরা। কুমার বিশ্বজিতের সঙ্গে কণ্ঠ মিলিয়ে দর্শকেরাও গেয়েছেন ‘ও ডাক্তার’, ‘একতারা বাজাইও না’ গান। এর আগে শিল্পী সন্দীপন গেয়েছেন ‘সোনাবন্ধু তুই আমারে’সহ কয়েকটি গান।
এ ছাড়া একক সংগীত পরিবেশন করেন শিল্পী মানস পাল, আনিকা, রঞ্জন চৌধুরী, রন্টি, হৈমন্তী রক্ষিত, পুলক, কর্ণিয়া। ছিল তিন ভাইবোন সন্ধি, সভ্যতা ও স্বাগতার গান। তাঁদের সঙ্গে সন্দীপন, আনিকা, রঞ্জন চৌধুরী ও কর্ণিয়া গেয়েছেন ‘মোদের গরব মোদের আশা’ গানটি।
মঞ্চে গান, নৃত্য ও নাটিকা পরিবেশন করে মেরিট বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ, মেরন সান স্কুল ও সিলভার বেলস গার্লস হাইস্কুল। জাদুশিল্পী রাজীব বসাক জাদুর মাধ্যমে ফুলেল শুভেচ্ছা জানান। আরও ছিল জল পুতুলের পাপেট শো। প্রাপন একাডেমির শিশুদের নাচ, বোধনের শিল্পীদের বৃন্দ আবৃত্তিও মন কেড়েছে। এ ছাড়া একক আবৃত্তি করেন মিলি চৌধুরী ও আয়েশা হক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাহিদ আলীর নেতৃত্বে স্থাপনাশিল্পের প্রদর্শন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী ফিচার সম্পাদক মেহেদী মাসুদ। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। অনুষ্ঠানের সম্প্রচার সহযোগী ছিল চ্যানেল নাইন।
বিজয়ী: বর্ণমেলায় হাতের লেখা প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম হয়েছে নাহিয়ান আহমেদ। দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে তিথি মণি বাঁধন ও প্রজ্ঞা চৌধুরী। খ বিভাগে আফসানা জাহিন প্রথম, আদনান কবির দ্বিতীয় ও সুরাইয়া নওরিন তৃতীয় হয়। গ বিভাগে সেরা তিন হলো সানজানা তাসনিম, রেহনুমা তাবাসসুম ও তাসফিয়া আলম।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার ক বিভাগে নওশীন রাইসা প্রথম, কানিজ ফাতেমা দ্বিতীয় ও রাইম ওমায়ের তৃতীয় হয়। খ বিভাগে সেরা তিনটি পুরস্কার জিতেছে চৌধুরী মুহাম্মদ সাফকাত, লাবিবা সারাহ ও আদনান কবির। গ বিভাগে প্রথম হয় ইসরাত বিনতে কবির। দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে সাজ্জাতুল ইসলাম ও নাহিয়ান ফাইরোজ।
বর্ণ প্রদর্শনীতে ক বিভাগের বিজয়ী তিনজন হলো তাসমীম মিসকাত, শেহেরীজ শাহনাজ, নুসরাত জাহান। খ বিভাগের সেরা তিন অগ্নিভা ইশতাকিম, শীজনুল কাজী ও নানজিবা নাওয়ার। গ বিভাগের জয়ী হয়েছে তাওহীদুল ইসলাম ভূঁইয়া, মারিয়াম জামিলা ও কাজী মেহেরাজ।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন শিল্পী ঢালী আল মামুন, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক নাসিমা আখতার, শিল্পী আহমেদ নেওয়াজ ও আইভি হাসান। তাঁরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।