চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা উদ্যাপিত
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা গত বুধবার চট্টগ্রাম নগরে উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হয়েছে।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) নগরের প্রবর্তক এলাকার শ্রীকৃষ্ণমন্দির থেকে বর্ণাঢ্য রথযাত্রা বের করে। রথযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার ইকবাল বাহার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, শ্রীপাদ লীলারাজ গৌরদাস ব্রহ্মচারী ও পণ্ডিত গদাধর দাস ব্রহ্মচারী। শোভাযাত্রাটি নগরের গোলপাহাড়, মেহেদিবাগ, কাজীর দেউড়ি, জামালখান, চেরাগী পাহাড়, আন্দরকিল্লা, লালদীঘির পাড় ও নিউমার্কেট ঘুরে নগরের জে এম সেন হলে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় ছিল হাতি, ঘোড়া আর ট্রাকের বহর। ট্রাকে দেব-দেবীর সাজে সেজেছিল শিশু-কিশোরেরা। ধর্মীয় গানের সুরে নেচে-গেয়ে শোভাযাত্রায় শামিল হন হাজারো মানুষ।
গাড়ির ওপর সাজানো মন্দির ও আসনে ঠাঁই পায় জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার মূর্তি। ছিল রাধাকৃষ্ণসহ বিভিন্ন দেব-দেবীর মূর্তি। শোভাযাত্রায় ছিল বিভিন্ন ধরনের মুখোশও।
এ ছাড়া রথযাত্রা উপলক্ষে ডিসি হিলে আলাদা অনুষ্ঠানের আয়োজন করে বিভাগীয় কেন্দ্রীয় ইস্কন। সেখানে শ্রীমদ্ভগবদ্গীতাপাঠ, শ্রীশ্রী রাধামাধব ও জগন্নাথদেবের দর্শন আরতি, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় যজ্ঞানুষ্ঠান, আলোচনা সভা ও মহাপ্রসাদ বিতরণ করা হয়।
দুপুরে রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা বের করে তুলসীধাম। এ ছাড়া গোলপাহাড় কালীমন্দির, চকবাজার জগন্নাথ কুঠির, গঙ্গাবাড়ি, নন্দীরহাট শ্রীশ্রী জগন্নাথ মন্দিরসহ নগরের বিভিন্ন কৃষ্ণমন্দির থেকে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়।