চট্টগ্রামে বর্ণাঢ্য বর্ষবরণ
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে চট্টগ্রামে চলছে নববর্ষ বরণ উৎসব। নতুন বছরের শুরুতে শুক্রবার সকাল থেকে নগরের বিভিন্ন অনুষ্ঠানস্থলে অনেকে ভিড় করেছেন। নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেছেন তাঁরা।
ভোর ছয়টায় নগরের প্রধান অনুষ্ঠানস্থল ডিসি হিলে বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয়। ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তীর রাগ সংগীতের মধ্য দিয়ে বাংলা ১৪২৪ বর্ষকে বরণের অনুষ্ঠানের সূচনা হয়। পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদ প্রতিবারের মতো এই অনুষ্ঠানের আয়োজন করে।
শুরু হওয়ার পর থেকে বিভিন্ন সংগঠন মঞ্চে পরিবেশন করে দলীয় সংগীত, নৃত্য ও আবৃত্তি। চারুকলার নববর্ষের দেয়ালচিত্র পোড়া তেলে ঢেকে দেওয়ার ছবি-সংবলিত ব্যানার নিয়ে মঞ্চে আবৃত্তি পরিবেশন করেন বোধন আবৃত্তি পরিষদের শিল্পীরা।
বর্ষবরণের প্রথম অধিবেশনে ‘সংগীত ভবন, ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ, গুরুকুল সংগীত একাডেমি, সুর-সাধনা সংগীতালয়, গীতধ্বনি, ইমন কল্যাণ সংগীত বিদ্যাপীঠ, সৃজামি সাংস্কৃতিক অঙ্গন, নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি, স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্স, ওডিসি অ্যান্ড টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টার, ঘুঙুর নৃত্যকলা কেন্দ্র, সঞ্চারী নৃত্যকলা একাডেমি, নৃত্য নিকেতন, দ্য স্কুল অব ফোক ড্যান্স, প্রমা আবৃত্তি সংগঠনসহ বিভিন্ন সংগঠন সমবেত গান, নাচ ও আবৃত্তিতে অংশ নেয়।
নতুন বছরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ডিসি হিল অভিমুখে বিভিন্ন বয়সী মানুষ ভিড় করতে থাকেন। কেউবা পরিবার-পরিজন নিয়ে কেউবা বন্ধুবান্ধব পরিবেষ্টিত হয়ে নববর্ষের অনুষ্ঠানে ভিড় করেন। পরস্পর শুভেচ্ছা বিনিময় করেন।
ডিসি হিলে অনুষ্ঠানের আহ্বায়ক আহমেদ ইকবাল হায়দার বলেন, ‘সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের এই অনুষ্ঠান এবার ৩৯ বছরে পদার্পণ করল। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবার নববর্ষ বরণ করছি আমরা। চারদিকে নানা অস্থিরতা, হুমকি চলছে। কিন্তু আমরা বলতে চাই এই উৎসব সর্বজনীন। কোনো ধর্ম বা বর্ণের নয়।’
মাঝখানে নামাজের বিরতির পর বেলা আড়াইটায় বর্ষবরণের দ্বিতীয় অধিবেশন শুরু হবে।
নগরের সিআরবির শিরীষতলায় সকালে শুরু হয়েছে বর্ষবরণের পৃথক অনুষ্ঠান। ভায়োলিনিস্ট চিটাগাং-এর বেহালার সুরে অনুষ্ঠানের পর্দা ওঠে। এর পর দলীয় পরিবেশনায় অংশ নেয় সংগীত ভবন, বোধন আবৃত্তি স্কুল, অবকাশ ধারা শিল্পী সংস্থা, সুন্দরম শিল্পীগোষ্ঠী, খেলাঘর চট্টগ্রাম মহানগর, প্রমা আবৃত্তি সংগঠনসহ বিভিন্ন সংগঠন। বিকেলে এখানে বাউল গান পরিবেশন করার কথা রয়েছে রাজ্জাক সাঁই বাউল ও তাঁর দলের।
বর্ষবরণ উপলক্ষে প্রতিবারের মতো এবারও নগরের চারুকলা ইনস্টিটিউট থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। সকাল ১০টায় বের হওয়া শোভাযাত্রায় শিক্ষার্থী শিক্ষক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেয়।
চারুকলার দেয়ালচিত্রে পোড়া মবিল দিয়ে নষ্ট করার পরও এই শোভাযাত্রা ছিল প্রাণোচ্ছল। শিক্ষার্থীরা বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে শোভাযাত্রায় অংশ নেন। চারুকলার শিক্ষক জাহেদ আলী বলেন, অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের এই মঙ্গল শোভাযাত্রা। অন্ধকারকে আমরা পরাজিত করবই।
বর্ষবরণের বিভিন্ন অনুষ্ঠানে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। জানতে চাইলে সিএমপির পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর আলম বলেন, চারুকলার ঘটনার পর আমরা সতর্ক। আমরা বাড়তি নিরাপত্তাব্যবস্থা নিয়েছি।