চট্টগ্রামে বর্ণিল আয়োজনে বর্ষবরণ
রংতুলিতে মুখে আঁকা ‘শুভ নববর্ষ’। মাথায় বাহারি রঙের কাগজের টুপি। কারও হাতে বাঁশি, কারও বা ঘুরনি খেলনা। নববর্ষের দিনজুড়ে এভাবেই বাবা-মা কিংবা স্বজনের হাত ধরে ঘুরে বেরিয়েছে শিশুরা। তরুণ-তরুণীরা সেজেছিলেন বৈশাখী সাজে। কোথাও রবীন্দ্রসংগীত, কোথাও বা মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বাঙালির নতুন বছর বাংলা ১৪২১ সন। দেশের বিভিন্ন স্থানে গত সোমবার নানা আয়োজনে চলে বর্ষবরণ অনুষ্ঠান। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চট্টগ্রাম নগর: ক্যাপ্টেন আজিজুল ইসলামের বাঁশির জাদু দিয়ে ভোর ছয়টায় নগরের ডিসি হিলে শুরু হয় বর্ষবরণ অনুষ্ঠান। এর পরই বেজে ওঠে ঢোলের ঢাক কু নাকুর। সারা দিন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীরা একক ও দলীয় সংগীত পরিবেশন করেন। নৃত্যায়োজন, একক আবৃত্তি ও লোকশিল্পী ফকির শাহাবুদ্দিনের গানে মাতোয়ারা হয়ে ওঠে পুরো নগর। নন্দনকাননে বৈশাখী গ্রামীণ মেলায় ছিল মানুষের উপচে পড়া ভিড়।
নগরের সিআরবির শিরীষতলায়ও জমেছিল বৈশাখী আয়োজন। সকাল পৌনে আটটায় সমবেত কণ্ঠের গান দিয়ে নতুন বছরকে বরণের আয়োজন শুরু হয়। মিহির কানুনগো ও তাঁর দলের সেতারের বাজনার জাদু ছুঁয়ে গেছে সবাইকে। সিআরবির আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল সাহাবুদ্দীনের বলীখেলা। বিকেল চারটায় অনুষ্ঠিত বলীখেলায় এবার চ্যাম্পিয়ন হন টেকনাফের আলম বলী। কুমিল্লার সোহরাব বলীকে হারিয়ে তিনি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
পয়লা বৈশাখের অন্যতম আকর্ষণ ছিল চারুকলা ইনস্টিটিউট আয়োজিত মঙ্গল শোভাযাত্রা। সকাল ১০টায় ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে ‘জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে’—এই স্লোগান নিয়ে অমঙ্গলকে উড়িয়ে দিতে শুরু হয় এবারের মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রায় বাঁশ, কাগজ আর কর্কশিটে বানানো বিশালাকৃতির ষাঁড়, শান্তির প্রতীক পায়রা, কাকতাড়ুয়া, মুখোশ, পাখি, প্রজাপতি, লক্ষ্মীপ্যাঁচা হাতে নিয়ে ঢাকঢোল বাজাতে বাজাতে শহর প্রদক্ষিণ করেন শোভাযাত্রায় অংশ নেওয়া লোকজন। এ ছাড়া চারুকলা ইনস্টিটিউট লোকজ খেলা, আবৃত্তি, উচ্চাঙ্গ সংগীত, নাচের অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন করে।
সন্ধ্যায় বাংলাদেশ মহিলা সমিতি মাঠে বর্ষবরণের আয়োজন করেছিল বাংলা বর্ষবিদায় ও বরণ সম্মিলন পরিষদ। রবীন্দ্রসংগীত, নাচ, পুরোনো দিনের গান, লালনের গান, লোকগানের আয়োজন ছিল তাদের। এ ছাড়া নগরের মুসলিম ইনস্টিটিউট হলে বসেছিল শিশু-কিশোর মেলা। পয়লা বৈশাখ ছিল শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ফুলকি আয়োজিত বৈশাখী মেলার শেষ দিন। সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এ মেলা চলেছে। নাট্যসম্প্রদায় নাটুয়া এদিন তাদের পরিবেশনা দিয়ে মাতিয়ে রাখে মেলায় আসা লোকজনকে। সমবেত সংগীতের মাধ্যমে নববর্ষকে আবাহন করেছে জেলা শিল্পকলা একাডেমী।
নোয়াখালী: সকালে পৃথকভাবে জেলা ও পুলিশ প্রশাসন এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট, বৈশাখী মেলা উদ্যাপন কমিটি জেলা শহরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে। জেলা প্রশাসন শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এবং বৈশাখী মেলা উদ্যাপন কমিটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পান্তা-ইলিশ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। নববর্ষ উপলক্ষে গত রোববার থেকে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১০ দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। কবিরহাট কলেজ মাঠে পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপিত হয়েছে।
ফেনী: সকালে ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পিটিআই মাঠে গিয়ে শেষ হয়। সেখানে বর্ষবরণের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: সকাল নয়টায় ক্যাম্পাসের প্রধান ফটক থেকে আবদুর রব ছাত্রাবাসের মাঠ অভিমুখে শোভাযাত্রা বের হয়। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বলী, লাঠি, সাপ, কাবাডি, বউচি খেলা ও পুতুলনাচের আসর বসে। সকাল ১০টায় নববর্ষের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে বাউলগান, নৃত্য, আদিবাসী ঐতিহ্য উপস্থাপন, ফ্যাশন শো, রম্য বিতর্ক, কৌতুক ও মূকাভিনয় হয়।
রাঙামাটি: বৌদ্ধধর্মাবলম্বীরা বিশ্ব শান্তি কামনায় রাঙামাটি রাজবন বিহারে ধর্মীয় প্রার্থনার আয়োজন করেন। জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা উৎসবের মধ্য দিয়ে বর্ষবরণের অনুষ্ঠান চলে।