চট্টগ্রামে বর্ণিল আয়োজনে বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সিআরবিতে বর্ষবরণের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। ছবি: ফোকাস বাংলা
চট্টগ্রামের সিআরবিতে বর্ষবরণের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। ছবি: ফোকাস বাংলা

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে চট্টগ্রামে বর্ষবরণ হয়েছে। বর্ষবরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলগুলোতে আজ বৃহস্পতিবার সকাল থেকে ছিল বিভিন্ন বয়সের নারী-পুরুষের উপচে পড়া ভিড়।

নগরের ডিসি হিল এবং সিআরবি পাহাড় এলাকায় বর্ষবরণের প্রধান অনুষ্ঠানের আয়োজন করা হয়। লাল, সাদা শাড়ি, রং বেরঙের পাঞ্জাবিসহ নতুন জামা কাপড়ে নিজেকে রাঙিয়ে তরুণ-তরুণীরা এসব অনুষ্ঠানস্থলে ভিড় জমায়।

আজ ভোর ছয়টায় রাগ সংগীতের মধ্য দিয়ে ডিসি হিলে বর্ষবরণের অনুষ্ঠানের সূচনা হয়। রাগ পরিবেশন করেন শিল্পী স্তর্ণময় চক্রবর্তী। পরে ডিসি হিলের মুক্তমঞ্চে বিভিন্ন সংগঠন সমবেত সংগীত, আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করে।

এর মধ্যে সংগীত ভবন, জয়ন্তী, গুরুকল সংগীত একাডেমি সমবেত সংগীত পরিবেশন করে। এ ছাড়া নটরাজ নৃত্যাঙ্গন, স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্স, দ্য ফোক ড্যান্স নৃত্য এবং বোধন, প্রমা, নরেন আবৃত্তি একাডেমি আবৃত্তি পরিবেশন করে। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল একক এবং দ্বৈত সংগীত পরিবেশনাও।

একইভাবে নগরের সিআরবি পাহাড়ের মুক্তমঞ্চে আয়োজন করা হয় দিনভর বর্ষবরণ অনুষ্ঠানমালার। এখানেও সমবেত নৃত্য, সংগীত ও আবৃত্তির পাশাপাশি ছিল একক পরিবেশনা। তবে বাড়তি অনুষঙ্গ হিসেবে সিআরবিতে আয়োজন করা হয় বলীখেলার।

দুটি অনুষ্ঠানস্থলে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ভিড় করেন। পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে মেতে ওঠেন আড্ডায়। পরস্পরের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন।

নববর্ষ উপলক্ষে দুটি অনুষ্ঠানস্থলে বসেছে বৈশাখী মেলা। মেলা জুড়ে রয়েছে বিভিন্ন কারু পণ্য, খেলনা, তিল, গজা, ঝাড়ু, হাতপাখাসহ নানা পণ্যের বাহারি সমাহার।

বর্ষবরণ উপলক্ষে নগরের চারুকলা ইনস্টিটিউট থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। বড় বড় মাছ, হাতি বাঘ ইত্যাদিতে সজ্জিত শোভাযাত্রাটিতে নেচে গেয়ে অংশ নেয় তরুণ-তরুণীরা। নগরের সার্কিট হাউস থেকে পৃথক একটি র‍্যালি বের করে জেলা প্রশাসন।

এদিকে সকাল থেকে র‍্যাব পুলিশের কড়া নজরদারি ছিল অনুষ্ঠানস্থল জুড়ে। অনুষ্ঠানে ঢোকার মুখে ছিল নিরাপত্তা তল্লাশি। এ ছাড়া সাদা পোশাকেও নিয়োজিত ছিল পুলিশ।