চট্টগ্রামে বর্ষবরণের প্রস্তুতি শুরু
চট্টগ্রামে নতুন বছরকে বরণ ও পুরোনো বছরকে বিদায় জানাতে বিভিন্ন সংগঠন ব্যাপক প্রস্তুতি শুরু করেছে।পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার জন্য ইতিমধ্যে ফেস্টুন, মুখোশ বানাতে ব্যস্ত হয়ে পড়েছেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মঙ্গল শোভাযাত্রায় গ্রামবাংলার নানা ঐতিহ্য ফুটিয়ে তোলা হবে বলে চারুকলার শিক্ষার্থীরা জানান। গ্রামবাংলার ঐতিহ্য পেঁচা, জাতীয় মাছ ইলিশ, হরেক রকম মুখোশ তৈরি করছেন তাঁরা। মঙ্গল শোভাযাত্রা ছাড়াও নগরজুড়ে পুরোনো বর্ষকে বিদায় ও নতুন বর্ষকে বরণের জোর প্রস্তুতি চলছে। সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদ প্রতিবারের মতো এবারও ডিসি হিলে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। আগামী শুক্রবার বিকেল থেকে এই অনুষ্ঠান শুরু হবে।এ ছাড়া বাংলা বর্ষবিদায় ও বরণ সম্মিলন পরিষদ নগরের বাংলাদেশ মহিলা সমিতি উচ্চবিদ্যালয় মাঠে দুই দিনের অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে দুই বাংলার বিভিন্ন শিল্পীরা অংশগ্রহণ করবেন।